শোক পেরিয়ে ক্যামেরার সামনে, ‘তারকাটা’য় ফিরলেন প্রিয়াঙ্কা সরকার
গভীর ব্যক্তিগত শোকের মধ্যেও পেশাদারিত্বের নজির রাখলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ঘনিষ্ঠ সূত্রে খবর, শুক্রবার তিনি পরিচালক শমীক রায়চৌধুরীর ওয়েব সিরিজ ‘তারকাটা’-র শুটিংয়ে যোগ দিয়েছেন। শোকের আবহ কাটিয়ে ধীরে ধীরে কাজে ফেরার এই পদক্ষেপ ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।‘তারকাটা’ সিরিজটি বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এই প্রজেক্টের মাধ্যমে প্রথমবার প্রযোজনায় হাতেখড়ি করছেন অভিনেতা বিক্রম চট্ট্যোপাধ্যায়। গল্পের মূল কেন্দ্রে রয়েছেন তিনিই। আর তাঁর বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ফলে এই সিরিজে তাঁদের অনস্ক্রিন রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।ইউনিট সূত্রে জানা গিয়েছে, সিরিজটির শুটিং প্রায় শেষের পথে। বাকি রয়েছে মাত্র কয়েক দিনের কাজ।১০, ১১ এবং ১৩ এপ্রিল শিডিউল রয়েছে। ইতিমধ্যেই ১০ এপ্রিলের শুটে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। তবে তিনি বাকি শিডিউলেও থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। শুটিং চলছে কলকাতার বেহালা সংলগ্ন এলাকায়। যদিও শুটিং শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।কিন্তু এর বেশি কিছু জানাতে চাননি তিনি। সংক্ষেপে জানান, “এখন শটে ব্যস্ত আছি।”এই প্রজেক্টে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দেবেশ রায়চৌধুরী এবং আয়ুশ দাস। তাঁদের চরিত্রও গল্পের গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানা গিয়েছে।উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই স্বামী রাহুল অরুনোদয় বন্দ্যোোধ্যায়ের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন প্রিয়াঙ্কা। এই মর্মান্তিক ঘটনার পর তিনি কিছুদিন জনসমক্ষে আসেননি। পরে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর কলকাতা ও তালসারিতে অভিযোগ দায়ের করেন তিনি।মানসিকভাবে কঠিন সময়ের মধ্যেও প্রিয়াঙ্কা সমাজমাধ্যমে একটি বার্তায় ইঙ্গিত দিয়েছিলেন।এই অকাল মৃত্যু যেন শুধুমাত্র ব্যক্তিগত শোকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর কোনও পরিবর্তনের কারণ হয়ে ওঠে। সেই বার্তার পরই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার ইঙ্গিত মিলেছিল।বর্তমানে ‘তারকাটা’-র সেটে তাঁর উপস্থিতি সেই প্রত্যাবর্তনেরই বাস্তব প্রতিফলন। শোককে সঙ্গী করেই ক্যামেরার সামনে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে পেশাদারিত্বের পাশাপাশি মানসিক দৃঢ়তারও পরিচয় দেয়। ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, এই প্রত্যাবর্তন শুধু একটি কাজের সূচনা নয়, বরং ব্যক্তিগত সংগ্রামকে জয় করার এক গুরুত্বপূর্ণ ধাপ।





