ভোটের মুখে বাগদায় বড় সাফল্য, ১৩.৭ কেজি গাঁজাসহ পাচারকারী গ্রেফতার
ভোটের আগে বেআইনি মাদক পাচার রুখতে বড় সাফল্য পেল উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগদা থানার একটি বিশেষ দল শুক্রবার রাতে অশারু হেরোভাঙ্গা শ্মশান এলাকায় হানা দেয়। সেখানেই সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এক ব্যক্তিকে। তার কাছে একটি বড় বস্তা ছিল, যা দেখে পুলিশের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতেই বস্তা থেকে উদ্ধার হয় প্রায় ১৩ কিলোগ্রাম ৭০০ গ্রাম গাঁজা।ধৃত ব্যক্তির নাম তরিকুল মন্ডল। তার বাড়ি বনগাঁ থানার ভুলোট এলাকায় বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া গাঁজাগুলি বিক্রির উদ্দেশ্যেই ওই এলাকায় নিয়ে আসা হয়েছিল। ভোটের আগে এই ধরনের মাদক পাচার নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে বলেই পুলিশের অনুমান।উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ। এত বড় পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে। তাকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে গোটা পাচার চক্রের হদিস পাওয়ার চেষ্টা করা হবে।নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। মাদক, নগদ টাকা ও বেআইনি সামগ্রী পাচার রুখতে পুলিশ এবং প্রশাসন একযোগে তৎপর। বাগদার এই অভিযান সেই কড়া নজরদারিরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।এই ঘটনার পর পুলিশ স্পষ্ট বার্তা দিয়েছে,ভোটের আগে কোনওরকম বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।





