হঠাৎ মৃত্যুতে থমকাল টলিউড, বন্ধ শুটিং, অনিশ্চয়তায় ‘ম্যাজিক মোমেন্টস্‌’-এর ভবিষ্যৎ

টলিউডে গভীর শোকের আবহে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে একাধিক ধারাবাহিকের কাজ। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর জেরে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস্‌ এর অধীনে চলা একাধিক সিরিয়ালের শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।সংস্থার জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ এবং ‘চিরসখা’।দুটিই এক দিনের নোটিসে বন্ধ ঘোষণা করা হয়। জানা গিয়েছে, ‘ভোলেবাবা পার করেগা’-র শুটিং চলাকালীনই রাহুলের মৃত্যু হয়, যা গোটা ইউনিটকে কার্যত স্তব্ধ করে দেয়। এই ঘটনার পর শিল্পী সংগঠন কড়া সিদ্ধান্ত নিয়ে জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও শিল্পী বা টেকনিশিয়ান কাজ করবেন না।এর প্রভাব পড়েছে অন্য প্রযোজনাতেও। লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘অরগ্যানিক্‌স’-এর ধারাবাহিক ‘কনে দেখা আলো’র শুটিংও গত দু’দিন ধরে বন্ধ রয়েছে। ফলে টলিউডের কর্মযজ্ঞে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন এই সংস্থাগুলির সঙ্গে যুক্ত কর্মীরা। বহু শিল্পী, টেকনিশিয়ান এবং ইউনিট সদস্য দীর্ঘদিন ধরে ‘ম্যাজিক মোমেন্টসে্র সঙ্গে যুক্ত। হঠাৎ করে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের জীবিকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই জানিয়েছেন, এই কঠিন সময়ে সংস্থাকে ছেড়ে অন্যত্র কাজ খোঁজা তাঁদের পক্ষে সহজ নয়।একাংশের মতে, এই সংকটের মুহূর্তে সংস্থার পাশে থাকাই উচিত। তবে বাস্তব সমস্যা হল আয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। নিয়মিত শুটিং না থাকলে পারিশ্রমিকও বন্ধ হয়ে যেতে পারে, যা তাঁদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে তুলছে। তবুও অনেকেই আপাতত অপেক্ষার পথই বেছে নিচ্ছেন। তাঁদের বক্তব্য, পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে তবেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।সব মিলিয়ে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণ শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং তার অভিঘাত পড়েছে গোটা টেলিভিশন ইন্ডাস্ট্রির ওপর। শুটিং বন্ধ, প্রযোজনা স্থগিত এবং কর্মীদের অনিশ্চিত ভবিষ্যৎ।সব মিলিয়ে এক জটিল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে টলিউড। এখন নজর, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি এবং কবে ফের ক্যামেরা ঘুরবে স্টুডিও ফ্লোরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *