বরানগরে মন্দিরে পুজো দিয়ে পায়ে হেঁটে প্রচারে সায়ন্তিকা, ২৮ নম্বর ওয়ার্ডে জনসংযোগে জোর
আসন্ন ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরানগর কেন্দ্রে জোরকদমে প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে বরানগর পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একাধিক এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ কর্মসূচি পালন করেন তিনি।দিনের শুরুতেই দর্জিপাড়া মোড় থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারযাত্রা শুরু করেন সায়ন্তিকা। তার আগে স্থানীয় একটি মন্দিরে পুজো দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন তিনি। এরপর দুইয়ের পল্লী সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের কাছে আগামী পাঁচ বছর কাজ করার সুযোগ চেয়ে নেন।প্রচারের সময় তার পরনে ছিল সাধারণ সুতি শাড়ি, যা সাধারণ মানুষের সঙ্গে তার সংযোগকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন স্থানীয়রা। প্রখর রোদের মধ্যেও একগাল হাসি নিয়ে প্রতিটি বাড়ির সামনে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে।এদিনের প্রচারে ছিল উৎসবের আমেজ। ঢাক ঢোলের বাদ্যিতে দলীয় কর্মীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থীর সঙ্গে পা মেলান ওয়ার্ডের কাউন্সিলর সহ বহু তৃণমূল কর্মী সমর্থক। মিছিল এগোতে থাকলে রাস্তার মোড়ে মোড়ে ভিড় জমাতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। অনেকেই প্রার্থীকে একনজর দেখার জন্য সকাল থেকেই অপেক্ষা করছিলেন।জনসংযোগের সময় প্রবীণ ভোটারদের কাছে গিয়ে তাদের আশীর্বাদ নেন সায়ন্তিকা।আবার এলাকার শিশুদের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায় তাঁকে, যা এলাকায় এক আন্তরিক পরিবেশ তৈরি করে। সাধারণ মানুষের সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং সেগুলির সমাধানে উদ্যোগী হওয়ার আশ্বাস দেন তিনি।এর আগে এই বরানগর কেন্দ্রেই অনুষ্ঠিত উপনির্বাচনে জয়লাভ করেছিলেন সায়ন্তিকা ব্যানার্জি। ফলে এলাকায় তার একটি পরিচিতি এবং জনসংযোগ ইতিমধ্যেই তৈরি হয়েছে। এবারের নির্বাচনে পুনরায় প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই তিনি প্রচারে জোর দিয়েছেন।রাজনৈতিক মহলের মতে, প্রার্থীর এই ঘনিষ্ঠ জনসংযোগ এবং সরাসরি মানুষের কাছে পৌঁছনোর কৌশল আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে এখন দেখার একটাই,এই প্রচার কতটা প্রভাব ফেলে ভোটবাক্সে।





