সুপ্রিম কোর্ট,নির্বাচন কমিশন নিয়ে ‘কার্টুন বিতর্ক’, আদালতে যাচ্ছেন অর্জুন সিং
তৃণমূল কংগ্রেসের একটি সোশ্যাল মিডিয়া পেজে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনকে নিয়ে করা একটি কার্টুন ভাইরাল হওয়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এই ঘটনাকে ‘প্রতিষ্ঠানের অবমাননা’ বলে আখ্যা দিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা করলেন বিজেপির প্রাক্তন সাংসদ ও নোয়াপাড়া বিধানসভার প্রার্থী অর্জুন সিং।বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে অর্জুন সিং অভিযোগ করেন, তৃণমূলের অফিসিয়াল ওয়েব পেজে এমন একটি কার্টুন পোস্ট করা হয়েছে, যেখানে দেশের সর্বোচ্চ বিচারব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে অপমান করা হয়েছে। তাঁর দাবি, এই ধরনের কনটেন্ট শুধু রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘনই নয়, বরং গণতান্ত্রিক কাঠামোর প্রতি সরাসরি আঘাত।অর্জুনের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে নির্বাচন কমিশন,এই সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে এভাবে হেয় করা অত্যন্ত দুঃখজনক।তাই এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তিনি।তিনি আরও জানান, খুব শীঘ্রই এই ইস্যুতে আদালতে মামলা দায়ের করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হবে।বিজেপি নেতার অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ও আপত্তিকর প্রচার চালাচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা ছড়ানো হচ্ছে বলেও দাবি তাঁর। পাশাপাশি, তিনি নির্বাচন কমিশনের কাছেও এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানান।অন্যদিকে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভোটের আগে এই ধরনের ইস্যু ঘিরে শাসক ও বিরোধী দলের মধ্যে চাপানউতোর আরও বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এমন বিতর্কিত কনটেন্ট সহজেই জনমতকে প্রভাবিত করতে পারে এবং পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে পারে।এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে রাজনৈতিক ও আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজ্য রাজনীতির।





