কালনায় ‘অনুন্নয়ন’ ইস্যুতে বিজেপির প্রচার, শাসক দলকে নিশানা সিদ্ধার্থের

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কালনা কেন্দ্র জুড়ে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই আবহেই অনুন্নয়নের ইস্যুকে সামনে রেখে সরব হলেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। এদিন তিনি কালনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যোগীপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় কর্মীbসমর্থকদের নিয়ে প্রচার চালান এবং সরাসরি শাসক শিবিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।প্রচারের ফাঁকেই সিদ্ধার্থ মজুমদার দাবি করেন, দীর্ঘদিন ধরে কালনায় কোনও বাস্তব উন্নয়ন হয়নি। তাঁর অভিযোগ, উন্নয়নের নামে কেবলমাত্র কিছু নির্দিষ্ট ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠদেরই সুবিধা হয়েছে।সাধারণ মানুষ বঞ্চিতই থেকে গেছেন। তাঁর দাবি এলাকার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বহু জায়গায় ভাঙাচোরা রাস্তার কারণে নিত্যদিন দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষকে।শুধু পরিকাঠামো নয়, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকেও কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি প্রার্থী। তাঁর কথায়, এলাকার বেশিরভাগ স্কুলেই পর্যাপ্ত পরিকাঠামোর অভাব রয়েছে। যা শিক্ষার মানের উপর সরাসরি প্রভাব ফেলছে। একই সঙ্গে স্থানীয় হাসপাতালের অবস্থাও অত্যন্ত শোচনীয় বলে দাবি করেন তিনি। কটাক্ষের সুরে সিদ্ধার্থ বলেন,হাসপাতালের সাধারণ মানুষ ন্যূনতম স্বাস্থ্য পরিষেবাটুকুও ঠিকমতো পাচ্ছেন না।এদিনের প্রচারে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং তাদের সমস্যা এবং অভিযোগ শোনেন। স্থানীয় বাসিন্দাদের একাংশও রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে দাবি বিজেপি শিবিরের।তবে এই সমস্ত অভিযোগের জবাবে এখনও পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে উন্নয়ন বনাম অনুন্নয়নের এই তরজা আরও তীব্র হতে পারে।এ দিনের প্রচারের শেষে সিদ্ধার্থ মজুমদার আশ্বাস দেন, নির্বাচিত হলে এলাকার সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে রাস্তাঘাটের সংস্কার, স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবাকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হবে বলে জানান তিনি। তাঁর এই প্রতিশ্রুতি ভোটারদের কতটা প্রভাবিত করতে পারে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *