ভোটের আগে বড় বার্তা দিয়ে নির্বাচনী ইস্তাহার প্রকাশ তৃণমূলের,চমক দুয়ারে চিকিৎসা
১০ প্রতিজ্ঞা’র মাধ্যমে উন্নয়ন ও জনকল্যাণকে সামনে রেখে একাধিক নতুন প্রতিশ্রুতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গত মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশের পর শুক।রবার দিন ই ইস্তাহার প্রকাশ করলেন মমতা।সবচেয়ে নজরকাড়া ঘোষণা দুয়ারে চিকিৎসা। ‘দুয়ারে সরকার’এর ধাঁচে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যাবে এবার মানুষের বাড়ির কাছে।একই সঙ্গে সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন চালুর আশ্বাসও দেওয়া হয়েছে। যাতে বেতন কাঠামোয় সামঞ্জস্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়।ইস্তাহারে গুরুত্ব পেয়েছে কাঠামো এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। নতুন জেলা, ব্লক,সাবডিভিশন ও পুরসভা তৈরির পরিকল্পনার কথা জানানো হয়েছে। মানুষ যাতে ঘরের কাছেই সরকারি পরিষেবা পান তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানান সর্বময় এই নেত্রী। পানীয় জল প্রকল্পে জোর দিয়ে বলা হয়েছে আগামী দু’এক বছরের মধ্যে সব বাড়িতে জল পৌঁছে দেওয়াই লক্ষ্য এই সরকারের।শিক্ষা ক্ষেত্রে আধুনিকীকরণ, ই লার্নিং এবং শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি ও রয়েছে ইস্তাহারে। কৃষিক্ষেত্রে ফসল বিমা, উৎপাদন বৃদ্ধি ও সংগ্রহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠী (SHG) ও এমএসএমিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে ইস্তাহারে।সামাজিক সুরক্ষায় ‘লক্ষ্মীর ভান্ডার’এর সম্প্রসারণ,প্রবীণদের যত্ন, বিধবা ও বয়স্ক ভাতা,সবই প্রতিশ্রুতির তালিকায় রয়েছে। যুবকদের জন্য ভাতা ও কর্মসংস্থানের দাবিও তুলে ধরা হয়েছে এদিনের দলীয় ইস্তাহারে।তবে এদিন ও ইস্তাহার প্রকাশের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে ভয় দেখানো, ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা চলছে। যদিও তাঁর দাবি, “মানুষই শেষ কথা বলবে।” তৃণমূলের বার্তা স্পষ্ট।উন্নয়ন,সামাজিক সুরক্ষা এবং প্রশাসনিক পরিষেবা ঘরে পৌঁছে দিয়েই ভোটের লড়াইয়ে নামতে চাইছে দল।





