আরডি বর্মণের সুরে ত্রিকোণ প্রেম, ‘ফিরে এসো অনুরাধা’য় নস্টালজিয়ার ঝড়
বাংলা সিনেমায় আবারও ফিরছে সুর, ভালোবাসা, নস্টালজিয়ার মেলবন্ধন।কিংবদন্তি সুরকার আর ডি বর্মণের জনপ্রিয় গানকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন মিউজিক্যাল রোম্যান্স ‘ফিরে এসো অনুরাধা’। সম্প্রতি জমজমাট মহরতের মধ্য দিয়ে শুরু হল ছবির পথচলা, আর প্রথম ঝলকেই দর্শকের কৌতূহল তুঙ্গে।পরিচালক আশিস কুমারের এই ছবির মূল আকর্ষণ,আরডি বর্মণের আটটি আইকনিক গান।যা গল্পের আবেগ ও মোড় ঘোরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একদিকে যেমন থাকবে নস্টালজিয়ার ছোঁয়া, তেমনই আধুনিক সম্পর্কের টানাপোড়েন।এই দুইয়ের মিশ্রণেই তৈরি হচ্ছে ছবির আবহ।
গল্পের কেন্দ্রে তিন বন্ধু।রাহুল, দেব ও বর্মণ।ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া, একসঙ্গে স্বপ্ন দেখা, আর একসঙ্গে আর ডি বর্মণের গানে ডুবে থাকা।এই ত্রয়ীর বন্ধুত্ব যেন অটুট। কিন্তু সেই বন্ধুত্বেই ফাটল ধরে যখন তাদের জীবনে আসে অনুরাধা। এক মেয়েকে ঘিরে তিন বন্ধুর প্রেম।এখান থেকেই শুরু জটিল আবেগের খেলা।
অনুরাধার চরিত্রে রয়েছেন অঙ্গনা রায়, যার উপস্থিতি গল্পে নিয়ে আসে এক রহস্যময় আকর্ষণ। রাহুলের ভূমিকায় নীল ভট্টাচার্য্য, দেবের চরিত্রে আদ্রিত রায়, এবং বর্মণের চরিত্রে জন।এই ত্রয়ীর কেমিস্ট্রি নিয়েই তৈরি হচ্ছে ছবির মূল নাটকীয়তা। বন্ধুত্ব বনাম প্রেম।কাকে বেছে নেবে অনুরাধা, আর কিভাবে বদলে যাবে তিন বন্ধুর সম্পর্ক, সেটাই ছবির মূল প্রশ্ন।
ছবির অন্যতম বড় চমক রািমা সেন। তিনি অভিনয় করছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে।যার অনুপ্রেরণা এসেছে আরডি বর্মণের বিখ্যাত গান ‘মনে পড়ে রুবি রায়’ থেকে। তাঁর চরিত্রে থাকবে রহস্য, নস্টালজিয়া ও অতীতের ছায়া।যা গল্পকে আরও গভীরতা দেবে। এছাড়াও বিশেষ ভূমিকায় দেখা যাবে বিশ্বনাথ বসুকে।ছবির সংগীতই এখানে আসল নায়ক। আরডি বর্মণের অমর সুরগুলোকে নতুনভাবে সাজিয়ে, আধুনিক প্রেক্ষাপটে উপস্থাপন করা হবে। ফলে পুরনো দিনের মেলোডি যেমন ফিরে আসবে, তেমনই নতুন প্রজন্মের কাছেও তা হয়ে উঠবে প্রাসঙ্গিক।সব মিলিয়ে ‘ফিরে এসো অনুরাধা’ শুধু একটি প্রেমের গল্প নয়।এটি বন্ধুত্ব, স্মৃতি আর সঙ্গীতের এক আবেগঘন যাত্রা। মহরতের প্রথম দিন থেকেই ছবিকে ঘিরে তৈরি হয়েছে আলাদা উত্তেজনা। এখন দেখার, বড় পর্দায় এই নস্টালজিয়ার জাদু ঠিক কতটা হৃদয় ছুঁতে পারে।





