ভোটার তালিকা আপডেটের আগে হাই কোর্টের কড়া নজর, শুক্রবারই ‘বিবেচনাধীন’দের প্রথম তালিকা প্রকাশের সম্ভাবনা
কমিশন সূত্র বলছে ‘বিবেচনাধীন’ ভোটারদের নামের প্রথম অতিরিক্ত তালিকা শুক্রবারই প্রকাশ করা হতে পারে। তার আগে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।বৃহস্পতিবার সকাল ১০টায় ডাকা এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয় রাজ্যের স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে। ‘বিবেচনাধীন’ ভোটারদের তালিকা প্রকাশের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেই জানা গিয়েছে। রাজ্যের কোথাও কোনও অশান্তির আশঙ্কা রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নিতে পারেন প্রধান বিচারপতি।গত ২৮ ফেব্রুয়ারি কমিশনের প্রকাশিত তালিকায় ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জন ভোটারকে ‘যোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়।আর ‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম।কমিশন সূত্রে জানা গিয়েছে, বুধবার পর্যন্ত প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার ‘বিবেচনাধীন’ নামের নিষ্পত্তি হয়েছে। হাই কোর্টের নির্দেশে ৭০০ র বেশি বিচারবিভাগীয় আধিকারিক এই যাচাই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। সিইও দফতরের আশা ভোটের আগেই সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তি করা সম্ভব হবে।কিন্তু প্রশ্ন হল নির্ধারিত সময়ের মধ্যে যদি সব নামের নিষ্পত্তি না হয়? তাহলে কিন্তু ঝুলে থাকা ভোটারদের ভবিষ্যৎ অনিশ্চিতই থাকছে।প্রশ্ন আরো আছে।তাঁরা কি তবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন? এমন পরিস্থিতিতে প্রয়োজন হলে দেশের ঊচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।





