দুই কমিশনারে স্থগিত, বাকি ১৩ আইপিএসকে ভিন্রাজ্যে পাঠানোর নির্দেশ বহাল
নির্বাচন কমিশনের নির্দেশে আপাতত ভিন্রাজ্যে যেতে হচ্ছে না বিধাননগর এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার মুরলিধর শর্মা এবং ওয়াকার রাজ়াকে। তবে বাকি ১৩ জন আইপিএস আধিকারিকের ক্ষেত্রে আগের নির্দেশই বহাল রেখেছে কমিশন।বুধবার রাতে বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে জানানো হয়েছিল, মোট ১৫ জন আইপিএস অফিসারকে তামিলনাড়ু ও কেরলে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠানো হবে। সেই তালিকাতেই ছিলেন এই দুই কমিশনার। কিন্তু সর্বশেষ আপডেটে তাঁদের ক্ষেত্রে নির্দেশ স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। ফলে আপাতত তাঁরা নিজেদের বর্তমান পদেই বহাল থাকছেন।রবিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই প্রশাসনিক রদবদল টানা কয়েক দিন ধরে চলছে। একাধিক আমলা এবং পুলিশ আধিকারিককে পদ থেকে সরিয়ে নতুন নিয়োগও করেছে কমিশন। নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে কমিশনের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।তবে এই ব্যাপক বদলি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে চিঠি দিয়েছেন। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই একতরফাভাবে এই বদলি করা হয়েছে।চিঠিতে মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, অতীতে এমন পরিস্থিতিতে কমিশন সাধারণত রাজ্য সরকারের কাছ থেকে তিনজন আধিকারিকের একটি প্যানেল চাইত এবং সেখান থেকে একজনকে বেছে নেওয়া হত। কিন্তু এ বার সেই প্রচলিত প্রক্রিয়া মানা হয়নি বলেই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।সব মিলিয়ে, ভোটের আগে প্রশাসনিক অদলবদল ঘিরে রাজ্য-কমিশন সংঘাত আরও তীব্র হচ্ছে।এখন দেখার এই আবহে আসন্ন নির্বাচনকে কতটা শান্তিপূর্ণ করতে পারে কমিশন।





