হাওড়ার পর মধ্যমগ্রাম ভর সন্ধ্যেবেলায় প্রকাশ্যে দুষ্কৃতীর গুলি
হাওড়ার পিলখানার ঘটনা এখনে দগদগে।তারপর ফের প্রকাশ্য রাস্তায় গুলি চলল মধ্যমগ্রামে।ভর সন্ধ্যেবেলায় প্রকাশ্যে দুষ্কৃতীর গুলি চালালো রাজা নামে স্থানীয় এক ক্যাটারিং ব্যবসায়ীকে। শুক্রবার সন্ধ্যায় মধ্যমগ্রাম পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লীর কিশোর সংঘ ক্লাবের কাছে ঘটনাটি ঘটে। ঘটনার সূত্রপাত হয় গত ৪ঠা মার্চ হোলির দিন। রং খেলা কে কেন্দ্র করেই ক্যাটারিং ব্যবসায়ী রাজার সঙ্গে ঝামেলা হয় স্থানীয় বেশ কয়েকজন অ বাঙালি ছেলের সঙ্গে বলে অভিযোগ। তার বদলা হিসেবেই শুক্রবার সন্ধ্যায় তারা আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় ক্যাটারিং ব্যবসায়ী রাজার ওপর।প্রত্যক্ষ দর্শীদের বয়ান অনুসারে দুষ্কৃতীরা পরপর পাঁচ রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে আশেপাশের লোক বেরিয়ে এসে হাতেনাতে ধরে ফেলে চার দুষ্কৃতীকে। হট্টগোলের সুযোগে পালিয়ে যায় আর এক দুষ্কৃতী। এরপর মধ্যমগ্রাম থানায় খবর দেয় এলাকার মানুষ। মধ্যমগ্রাম থানার পুলিশ এসে স্থানীয় জনতার হাতে আটক চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করে নিয়ে যায়। পলাতক আরেক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনরা ছড়ায়। উত্তেজনা সামাল দিতে পুলিশ পিকেটিং করা হয় এলাকায়।পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তবে শুক্রবারের সন্ধ্যায় মধ্যমগ্রামের এই ঘটনা আরেকবার মনে করিয়ে দিল হাওড়ার পিলখানার গুলি চালনার ঘটনার চিত্র। বারংবার প্রকাশ্য রাস্তায় গুলি চালানো নিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।





