‘ম্যাজিক মোমেন্টস্’ বিতর্কে পুরনো ইস্যু, জল্পনায় জল ঢাললেন রণিতা দাস
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর টালমাটাল টেলিপাড়া। ঘটনাকে ঘিরে প্রশ্নের মুখে পড়েছে ম্যাজিক মোমেন্টস্।যার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শিল্পী সংগঠনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত এই প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও শিল্পী বা টেকনিশিয়ান কাজ করবেন না। এরই মাঝে সামনে এসেছে অতীতের একটি বিতর্ক, যা নতুন করে জল্পনা বাড়িয়েছে।আলোচনার কেন্দ্রে অভিনেত্রী রণিতা দাস। শোনা যায়, ইষ্টি কুটুম ধারাবাহিকে ‘বাহা’ চরিত্রে অভিনয় করার সময় মাঝপথে কাজ ছেড়ে দেওয়ার পর তিনি নাকি নানা পেশাগত সমস্যার মুখে পড়েছিলেন। এমন অভিযোগও উঠেছিল যে, ওই ঘটনার জেরেই দীর্ঘ সময় ছোটপর্দা থেকে দূরে থাকতে হয়েছিল তাঁকে।তবে এই সমস্ত অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন রণিতা নিজে। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, সেই সময় চ্যানেলের সঙ্গে একটি আইনি জটিলতা তৈরি হয়েছিল, যা পরবর্তীকালে মিটেও যায়। তাঁর কথায়, তাঁকে কখনও আনুষ্ঠানিক ভাবে ‘ব্যান’ করা হয়নি। ইন্ডাস্ট্রিতে নানা রকম গুঞ্জন থাকলেও, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া সে বিষয়ে মন্তব্য করতে চান না বলেই জানিয়েছেন অভিনেত্রী।উল্লেখযোগ্যভাবে, রণিতা জানান যে অসুস্থতার কারণেই তাঁকে ‘ইষ্টি কুটুম’ থেকে সরে দাঁড়াতে হয়েছিল। ফলে কাজ ছাড়ার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও পরিস্থিতিনির্ভর, কোনও চাপ বা নিষেধাজ্ঞার ফল নয়।ধারাবাহিক থেকে সরে যাওয়ার পর কিছু সময় ছোটপর্দা থেকে দূরে থাকলেও সম্পূর্ণভাবে কাজ বন্ধ রাখেননি তিনি। অন্য চ্যানেলে সঞ্চালনার পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজ়ে কাজ করেছেন। ধীরে ধীরে নিজের কেরিয়ারকে অন্য পথে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। বর্তমানে আবার ছোটপর্দায় প্রত্যাবর্তন ঘটেছে তাঁর, ও মোর দরদিয়া ধারাবাহিকের মাধ্যমে।এই পরিস্থিতিতে রণিতার বক্তব্য অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইন্ডাস্ট্রি মহল। কারণ চলতি বিতর্কের আবহে পুরনো অভিযোগ সামনে এলেও, তিনি সরাসরি তা খণ্ডন করায় জল্পনার জোর কিছুটা হলেও কমতে পারে বলে মত অনেকের।তবে সামগ্রিকভাবে ‘ম্যাজিক মোমেন্টস্’ ঘিরে বিতর্ক এখনও তুঙ্গে। শিল্পী সংগঠনের সিদ্ধান্ত, সহকর্মীদের প্রতিক্রিয়া এবং একের পর এক উঠে আসা অভিযোগ।সব মিলিয়ে আগামী দিনে টেলিপাড়ার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার





