গুলির গুজবে ফের উত্তপ্ত গোলাবাড়ি, মদ্যপ বচসা থেকে চাঞ্চল্য, আটক ২

হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় আবারও উত্তেজনা ছড়াল গুলি চলার অভিযোগ কে কেন্দ্র করে। বিবির বাগান এলাকায় বৃহস্পতিবার রাতে আচমকা চাঞ্চল্য ছড়ায়। যখন স্থানীয়দের একাংশ দাবি করেন, বচসার জেরে গুলি চালানো হয়েছে। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত কারও আহত হওয়ার খবর মেলেনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় আকাশ যাদব, ভিকি এবং রাহুল নামে তিন যুবকের মধ্যে মদ্যপ অবস্থায় বচসা বাধে। প্রথমে কথাকাটাকাটি হলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, সেই সময়ই গুলির শব্দ শোনা যায়, যা ঘিরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ।যদিও তদন্তকারী আধিকারিকদের একাংশের দাবি, আদৌ গুলি চলেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কোনও গুলির খোসা বা স্পষ্ট প্রমাণ মেলেনি বলে পুলিশ সূত্রে ইঙ্গিত। তবে স্থানীয়দের বয়ান এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পুরো ঘটনাটিই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ ও গোয়েন্দারা। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বচসার আসল কারণ, ঘটনার সময়কার পরিস্থিতি এবং গুলি চালানোর অভিযোগের সত্যতা যাচাই করার চেষ্টা চলছে। আটক ব্যক্তিরা আদৌ গুলি চালনার সঙ্গে যুক্ত কি না, নাকি শুধুই গুজব ছড়িয়েছে,তা স্পষ্ট করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত বিবাদ থেকেই এই উত্তেজনার সূত্রপাত হতে পারে। তবে রাজনৈতিক যোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। কারণ, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় একাধিক অশান্তির ঘটনা ঘটেছে, যা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে।কয়েকদিন আগেই গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা এলাকায় এক খুনের ঘটনা ঘটে, যা নিয়ে এখনও এলাকায় উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। তারই মধ্যে ফের গুলি চলার অভিযোগ সামনে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। অনেকেই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি কড়া করা হয়েছে। পাশাপাশি, কোনও রকম গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে আবেদন করা হয়েছে।এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে, কেন বারবার একই এলাকায় অশান্তির ঘটনা ঘটছে। অপরাধ দমনে আরও কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন কি না সেই বিষয় নিয়েও উঠছে প্রশ্ন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গুলি চলার অভিযোগের সত্যতা স্পষ্ট না হলেও, পুরো ঘটনাই নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে হাওড়ার গোলাবাড়ি এলাকায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *