প্রাতঃভ্রমণে ‘ক্যাম্পেইন টাচ’,রাজবাড়ি মাঠে জগিং ক্রিকেট যোগায় ব্যস্ত বিজেপি প্রার্থী সিদ্ধা
পূর্ব বর্ধমানের কালনা বিধানসভা কেন্দ্রে ভোটের আবহে এক ভিন্নধর্মী প্রচারচিত্র দেখা গেল শুক্রবার ভোরে। বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার সকাল সকাল হাজির হন কালনার রাজবাড়ির মাঠে। প্রচারের আনুষ্ঠানিক মঞ্চের বাইরে, সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে দিন শুরু করেন তিনি।জগিং, যোগাভ্যাস থেকে শুরু করে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন।মাঠে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন প্রার্থী। বয়স্কদের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে বসার পর্যাপ্ত ব্যবস্থার অভাব, মাঠের কাঠামোগত দুর্বলতা আর রক্ষণাবেক্ষণের সমস্যা। এলাকার যুবকরাও খেলাধুলার সুযোগ ও পরিকাঠামো উন্নয়নের দাবি জানান।এই প্রেক্ষিতে সিদ্ধার্থ মজুমদার জানান, খেলাধুলা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ এবং প্রতিদিন সকালেই তিনি নিয়মিত শরীরচর্চা করেন। কালনার এই ঐতিহ্যবাহী মাঠে এসে সেই অভ্যাস বজায় রাখার পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পেরে তিনি সন্তুষ্ট।তিনি স্পষ্টভাবে আশ্বাস দেন, নির্বাচনে জয়ী হলে রাজবাড়ির মাঠের সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে। মাঠের পরিকাঠামো উন্নয়ন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বিশেষ করে বয়স্কদের জন্য বসার ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। তার কথায়, “এই মাঠ শুধু খেলার জায়গা নয়, এটা এলাকার সামাজিক মিলনকেন্দ্র। এটাকে আরও উন্নত করা প্রয়োজন।”তবে প্রার্থীকে কাছে পেয়ে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনেকেই বলেন, প্রচারের বাইরে এভাবে মাঠে নেমে সাধারণ মানুষের সঙ্গে শরীরচর্চায় অংশ নেওয়া প্রার্থীকে আলাদা করে চেনায়। শিশুদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেওয়ায় খুদেদের মধ্যেও আনন্দের ছাপ স্পষ্ট ছিল।ভোটের আগে এমন ‘গ্রাউন্ড কানেক্ট’ কৌশল কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। তবে সকালবেলার এই সরাসরি সংযোগে প্রার্থী যে মানুষের মন জয়ের চেষ্টা করছেন, তা স্পষ্ট।





