রাম নবমী ঘিরে গাইঘাটায় রাজনৈতিক বার্তা,তৃণমূল প্রার্থীর বাইক মিছিল, হনুমান মন্দিরে পুজো,কটাক্ষ বিজেপির

রাম নবমী উপলক্ষ্যে উত্তর ২৪ পরগণার গাইঘাটা বিধানসভা এলাকায় রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করল তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাসের কর্মসূচি। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এদিন একটি বাইক মিছিল করেন।শেষে হনুমান মন্দিরে পুজো দেন।ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।শুক্রবার সকালে ঠাকুরনগরের নিজ বাসভবন থেকে মিছিল শুরু করেন নরোত্তম বিশ্বাস। বহু বাইক নিয়ে কর্মী সমর্থকরা অংশ নেন এই শোভাযাত্রায়। মিছিলটি ঠাকুরনগর থেকে চাঁদপাড়া ঢাকুরিয়া মোড় পর্যন্ত বিস্তৃত হয়। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে হনুমান মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী। পরে এলাকায় ঘোরাফেরা করে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তিনি।এই কর্মসূচির মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে চেয়েছেন বলে দাবি নরোত্তম বিশ্বাসের। তিনি বলেন, “কেউ কেউ বোঝাতে চাইছে রাম যেন নির্দিষ্ট কারও। কিন্তু রাম সবার। আমরাও রামকে ভজনা করি। যুব সমাজকে বোঝাতে চাই।ধর্ম যার যার, উৎসব সবার।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।তবে এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক মলয় মন্ডল বলেন, “দেরিতে হলেও তৃণমূলের কিছু মানুষের শুভবুদ্ধির উদয় হয়েছে। এটা যদি মন থেকে হয়ে থাকে, তাহলে ভালো।”রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ধর্মীয় উৎসব ও রাজনৈতিক বার্তা একসঙ্গে মিশে যাচ্ছে। রাম নবমীর মতো উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে। গাইঘাটার এই ঘটনা তারই একটি উদাহরণ বলে মনে করা হচ্ছে।সব মিলিয়ে, রাম নবমীর আবহে গাইঘাটায় তৃণমূল প্রার্থীর এই বাইক মিছিল ও মন্দিরে পুজো যেমন সমর্থকদের উজ্জীবিত করেছে, তেমনি বিরোধীদের আক্রমণেরও নতুন ইস্যু তৈরি করেছে। নির্বাচনের মুখে এই ধরনের কর্মসূচি আগামী দিনে আরও রাজনৈতিক বিতর্ক উসকে দেবে বলেই মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *