হাওড়ায় মনোনয়ন ঘিরে উত্তেজনা, সিপিএম-তৃণমূল ধস্তাধস্তি,হস্তক্ষেপ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর

হাওড়ায় মনোনয়ন পর্ব ঘিরে সোমবার উত্তেজনা ছড়াল জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় চত্বরে। সিপিএম ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

সূত্রের খবর, এদিন তৃণমূল কংগ্রেসের মনোনয়ন দাখিলের কর্মসূচি চলছিল হাওড়া জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে। সেই সময় দপ্তরের কাছের রাস্তা দিয়ে সিপিএমের একটি মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে স্লোগান যুদ্ধ শুরু হয়। সিপিএম সমর্থকদের তরফে স্লোগান চলতে থাকলে পাল্টা তৃণমূল সমর্থকরা “জয় বাংলা” স্লোগান দিতে থাকেন।

এই স্লোগান পাল্টা স্লোগানের জেরেই মুহূর্তের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। দুই দলের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং দুই পক্ষকে সরিয়ে দেন।

ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকা জুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হলেও বড়সড় অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। মনোনয়ন প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

তবে এই ঘটনাকে ঘিরে ভিন্ন সুর শোনা গেছে প্রশাসনের পক্ষ থেকে। হাওড়া ডিসিপি সেন্ট্রাল তৌসিফ আলি আজহার জানিয়েছেন, “এখানে কোনও মিছিল বের হয়নি। যে রাস্তায় মিছিল যাওয়ার কথা বলা হচ্ছে, সেখানে কোনও সমস্যা হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল।”

যদিও ঘটনাস্থলের কিছু দৃশ্যে দেখা গিয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সামনে ও ওল্ড কালেক্টরেট বিল্ডিং সংলগ্ন এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই সময়েই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীদের দাবি, মনোনয়ন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে শাসকদলের সমর্থকরা উত্তেজনা ছড়িয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি, বিরোধীরাই উস্কানিমূলক স্লোগান দিয়ে অশান্তি তৈরির চেষ্টা করেছে।

নির্বাচনের মুখে হাওড়ার এই ঘটনা ফের প্রমাণ করল, মনোনয়ন পর্বকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজরদারি বাড়ানো হয়েছে যাতে আগামী দিনে এ ধরনের ঘটনা আর না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *