মনোনয়ন ঘিরে উত্তেজনা, তমলুকে মুখোমুখি শাসক-বিরোধী
মনোনয়ন জমাকে কেন্দ্র করে বুধবার পূর্ব মেদিনীপুরের তমলুক জেলাশাসক দপ্তর চত্বর উত্তপ্ত হয়ে ওঠে শাসক ও বিরোধী শিবিরের স্লোগান পাল্টা স্লোগানে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কিছুক্ষণের উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।এদিন মনোনয়ন জমা দিতে জেলাশাসক দপ্তরে আসেন পাশকুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি এবং ভগবানপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানব পড়ুয়া। দুই প্রার্থীর সমর্থকেরা সকাল থেকেই দফতর চত্বরে জড়ো হতে শুরু করেন। শুরুতে শান্তিপূর্ণ অবস্থান থাকলেও, একে অপরের উপস্থিতি টের পেতেই দুই পক্ষের মধ্যে স্লোগান দেওয়া শুরু হয়।চোখের পলকে সেই স্লোগান যুদ্ধই রূপ নেয় তীব্র বচসায়। অভিযোগ, উভয় পক্ষের কর্মী সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে কটূক্তি করতে থাকেন। মুহূর্তের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছোয় এবং পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। কিছুক্ষণের জন্য জেলাশাসক দপ্তরের সামনে ধাক্কাধাক্কির পরিস্থিতিও তৈরি হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।পরিস্থিতি বেগতিক বুঝে সঙ্গে সঙ্গেই হস্তক্ষেপ করে উপস্থিত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দ্রুত দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।জেলা প্রশাসন সূত্রে খবর, মনোনয়ন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে আগেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। দফতর চত্বরে পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। তারপরও আচমকা এই উত্তেজনা তৈরি হওয়ায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। মনোনয়ন জমা প্রক্রিয়াও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তবে নির্বাচন যত এগোচ্ছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে জেলায়।এই ঘটনাই তার সাম্প্রতিক ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।





