বিড়ি বাঁধতে বাঁধতেই জনসংযোগ,ভাইরাল মানিকচকের তৃণমূল প্রার্থী
কবিতা মণ্ডলের প্রচারের ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল। দক্ষিণ চণ্ডীপুরের পশ্চিম নারায়ণপুরে প্রচারে গিয়ে মেঠো রাজনীতির এক অন্য ছবি তুলে ধরেন মানিকচকের তৃণমূল প্রার্থী কবিতা মন্ডল।প্রচারের মাঝপথে হঠাৎই স্থানীয় বিড়ি শ্রমিকদের সঙ্গে বসে পড়েন কবিতা। দক্ষ হাতে বিড়ি বাঁধতে শুরু করতেই চারদিকে হইচই পড়ে যায়। শুধু বিড়ি বাঁধাই নয়, শ্রমিকদের থেকে তাঁদের দৈনন্দিন অভাব অভিযোগ, স্বাস্থ্যের ঝুঁকি এবং উপার্জনের সমস্যার কথা মন দিয়ে শোনেন তিনি। আশ্বাস দেন, জয়ী হলে বিড়ি শ্রমিকদের জন্য বিশেষ সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।তৃণমূল প্রার্থীর এই ঘরোয়া মেজাজ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, সাধারণ মানুষের সঙ্গে এমন সাবলীল মেলামেশা ভোটের ময়দানে তাঁকে বাড়তি মাইলেজ দিতে পারে।





