ভোটে নিরাপত্তা জোরদার, সব নির্বাচনী গাড়িতে সিসিটিভি ও জিপিএস বাধ্যতামূলক
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করল নির্বাচন কমিশন। ভোটের কাজে ব্যবহৃত প্রতিটি গাড়িতে এবার বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, গাড়িগুলিকে জিপিএসের আওতায় এনে তাদের গতিবিধিও সরাসরি নজরে রাখা হবে কমিশনের কন্ট্রোল রুম থেকে বলেই জানা গিয়েছে।কমিশন সূত্রে খবর, প্রতিটি গাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার অপারেটিং সিস্টেম সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে, কোনো রকম অস্বাভাবিক ঘটনা বা হামলার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে তার ছবি ও তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। শুধু তাই নয়, জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রতিটি গাড়ির রুট, অবস্থান এবং গতিবিধি রিয়েল টাইমে মনিটর করা হবে।তবে এই সিদ্ধান্তের পিছনে রয়েছে গত কয়েক বছরের অভিজ্ঞতা ও। একাধিক নির্বাচনে দেখা গিয়েছে, ভোটকর্মী ও নিরাপত্তার কাজে ব্যবহৃত গাড়ির উপর হামলার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে আক্রান্ত হয়েছেন গাড়ির চালক এবং কর্মীরাও। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতেই এবার প্রযুক্তির উপর ভরসা বাড়াল কমিশন।নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, “গাড়ির উপর হামলা হলে বা কোনো অঘটন ঘটলে এবার তার পূর্ণ চিত্র আমাদের হাতে থাকবে। এতে দোষীদের চিহ্নিত করা যেমন সহজ হবে, তেমনি দ্রুত ব্যবস্থা নেওয়াও সম্ভব হবে।”এই নতুন ব্যবস্থার ফলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরাপত্তা আরও জোরদার হবে বলেই মনে করছে কমিশন। একইসঙ্গে ভোটকর্মী ও চালকদের মধ্যে বাড়বে আত্মবিশ্বাস, যা নির্বিঘ্নে নির্বাচন পরিচালনায় বড় ভূমিকা নেবে।প্রযুক্তি নির্ভর এই উদ্যোগকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে, সিসিটিভি ও জিপিএসের সমন্বিত ব্যবহার শুধু নিরাপত্তাই নয়, গোটা নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা বাড়াতে সহায়ক হবে।





