কালবৈশাখীর দাপট দক্ষিণবঙ্গে, কলকাতায় ৫০ কিমি বেগে ঝড়

দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এর ফলে আবহাওয়ারখামখেয়ালিপনায় আগামী কয়েক দিন তাপমাত্রার ওঠানামাও চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।শুক্রবার এবং শনিবার কলকাতায় বিকেলের দিকে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই ধরনের সতর্কতা জারি হয়েছে হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরেও। তবে দক্ষিণ পশ্চিমের জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের তীব্রতা আরও বেশি হতে পারে। সেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছুঁতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।অন্যদিকে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টি কিছুটা বেশি সময় স্থায়ী হতে পারে। এই জেলাগুলিতে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।ইতিমধ্যেই বৃহস্পতিবার কলকাতার বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে। প্রবল হাওয়া ও খারাপ আবহাওয়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিমান অবতরণেও বিঘ্ন ঘটে। দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটার পর পরিস্থিতি স্বাভাবিক হলে অবতরণ সম্ভব হয়। আবহাওয়ার এই অস্থির পরিস্থিতি আরও কয়েক দিন বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।তাপমাত্রার ক্ষেত্রে ও থাকবে ওঠানামা। আগামী দু’দিনে পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর আবার কিছুটা কমে, ফের বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে বেশি।উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি ও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। সেই কারণেই তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ এবং দফায় দফায় কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি। আপাতত সমুদ্রে কোনও বিশেষ সতর্কতা জারি হয়নি। তবে পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *