আইপিএলের আগে সরকারি দায়িত্ব রিঙ্কুর হাতে, কেকেআর তারকার জন্য বড় স্বীকৃতি উত্তরপ্রদেশ সরকারের

আইপিএল ২০২৬ শুরুর ঠিক আগে বড় সম্মান পেলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা ব্যাটার রিংকু সিং। উত্তরপ্রদেশ সরকার তাকে রিজিওনাল স্পোর্টস অফিসার পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ। তার পরদিন, অর্থাৎ ২৯ মার্চ মাঠে নামবে কেকেআর। সেই ম্যাচে কলকাতার জার্সিতেই দেখা যাবে রিঙ্কু সিংকে। আইপিএল শুরু হওয়ার আগে এই সরকারি দায়িত্ব পাওয়াকে অনেকেই তার ক্যারিয়ারের বড় মাইলস্টোন হিসেবে দেখছেন।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতীয় দলের হয়ে টিটোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের জন্য তাকে এই চাকরি দেওয়ার ঘোষণা করেন। তবে আপাতত আইপিএল মরশুম চলার কারণে তিনি সঙ্গে সঙ্গে নতুন দায়িত্ব নিতে পারবেন না। টুর্নামেন্ট শেষ হওয়ার পরই আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।রিঙ্কুর সাম্প্রতিক সময়টা আবেগঘনও ছিল। বিশ্বকাপ চলাকালীন তার বাবা মারা যান। সেই সময় দেশে ফিরে পরিবারের পাশে দাঁড়ান তিনি। শেষকৃত্যের কাজ সেরে আবার দলের সঙ্গে যোগ দেন এবং ভারতের হয়ে মাঠে নামেন। বিশ্বকাপ জয়ের পর ট্রফিটি বাবার স্মৃতিকে উৎসর্গ করেছিলেন রিঙ্কু। এই ঘটনাই ক্রিকেটমহলে তার মানসিক দৃঢ়তার উদাহরণ হিসেবে বারবার উঠে এসেছে।এ দিকে আইপিএলের আগে জোর প্রস্তুতিতে ব্যস্ত কেকেআর শিবির।ইতিমধ্যেই দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছেন রিঙ্কু সিং। ব্যাট হাতে ভালো ছন্দেও দেখা গেছে তাঁকে। এবারের মরশুমে কলকাতার দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। সেই কারণে মিডল অর্ডারে রিঙ্কুর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন দলীয় ম্যানেজমেন্ট এবং সমর্থকরা।বিশেষ করে শেষের ওভারগুলোতে ম্যাচ ঘোরানোর ক্ষমতার জন্য রিঙ্কু ইতিমধ্যেই আইপিএলে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। গত কয়েক মরশুমে তার ধারাবাহিক পারফরম্যান্স কেকেআরের ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করেছে। তাই নতুন মরশুমেও দলের বড় ভরসা হয়ে উঠতে পারেন এই বাঁহাতি ব্যাটার।উত্তরপ্রদেশ সরকার শুধু রিঙ্কুকেই নয়, আন্তর্জাতিক মঞ্চে কৃতিত্ব দেখানো আরও কয়েকজন ক্রীড়াবিদকেও সম্মান জানিয়েছে। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের সদস্য রাজকুমার পালকে পুলিশ বিভাগের ডিএসপি পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি প্যারালিম্পিকে সোনা জয়ী অ্যাথলিট প্রভিন কুৃমারকেও একই পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজ্যের তরুণ ক্রীড়াবিদদের উৎসাহ দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের সম্মান জানানোর লক্ষ্যেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।এখন সব নজর আইপিএলের দিকে। কলকাতার সমর্থকরাও অপেক্ষায় রয়েছেন নতুন মরশুমে রিঙ্কুর ব্যাটে বড় ইনিংস দেখার জন্য। সরকারি দায়িত্বের সম্মান আর মাঠের লড়াই।দুই মঞ্চেই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কেকেআরের এই তারকা ব্যাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *