মুর্শিদাবাদ জেলার ফরাক্কা বিধানসভা কেন্দ্রে গতি আনতে মাঠে বামফ্রন্ট
রবিবার এলসিডি ঘাট থেকে জাফরগঞ্জ পর্যন্ত এক বিশাল পদযাত্রার মাধ্যমে প্রচার কর্মসূচি পালন করলেন সিপিআই(এম) তথা বামফ্রন্ট মনোনীত প্রার্থী মোজাফফর হোসেন। পদযাত্রায় দলীয় কর্মী সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।পদযাত্রা শেষে প্রার্থী মোজাফফর হোসেন বলেন, এলাকার মানুষের অভাব অভিযোগ শোনা এবং তাঁদের অধিকারের লড়াইয়ে পাশে থাকাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি জানান, সাধারণ মানুষের কাছ থেকে যে স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে তাতে তিনি যথেষ্ট আশাবাদী।তিনি আরও বলেন, ফরাক্কা এলাকার বহু গুরুত্বপূর্ণ সমস্যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত অবস্থায় রয়েছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা, পানীয় জলের সংকট, বিদ্যুৎ পরিষেবা, গঙ্গা ভাঙন রোধ এবং মিড-ডে মিল কর্মীদের ন্যায্য দাবির মতো বিষয় গুলিকে গুরুত্ব দিয়ে বিধানসভায় তুলে ধরতে চান তিনি।অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রার্থীদের নাম না করেই কটাক্ষ করে মোজাফফর হোসেন বলেন, এলাকার মানুষ আর ‘টাকা-পয়সাওয়ালা’ বা ‘বাইরে থেকে আমদানি করা’ প্রার্থীদের উপর ভরসা করতে চাইছে না। মানুষের সঙ্গে থেকে তাঁদের সমস্যার সমাধান করাই তাঁর অঙ্গীকার বলে জানান তিনি।এলাকার শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মানুষ এবার কাস্তে-হাতুড়ি-তারা প্রতীকে ভোট দেবেন বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।





