বসিরহাট উত্তর থেকে ১ লক্ষ ভোটে জয়ী হবেন তৌসিফ, আশাবাদী এস্কেন্দার গাজী
বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের তকমা নিয়ে লড়াইয়ে নামছেন দলের জাতীয় মুখপাত্র তৌসিফ রহমান। নতুন প্রার্থীকে স্বাগত জানিয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন স্থানীয় নেতৃত্ব। হাসনাবাদ ২ ব্লক তৃণমূল সভাপতি এস্কেন্দার গাজীর দাবি, এবার ১ লক্ষ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করবেন তারা।প্রার্থী তালিকা ঘোষণার পর এদিন এলাকায় এসে পুরোদমে জনসংযোগ শুরু করেন তৌসিফ রহমান। হাতে রং-তুলি নিয়ে নিজেই দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন। প্রার্থীর এই উদ্যম দেখে খুশি কর্মীরাও।এই প্রসঙ্গে এস্কেন্দার গাজী বলেন, “দলের সিদ্ধান্ত একদম সঠিক। নতুন প্রজন্মের প্রার্থী পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমরা চাই তিনি বসিরহাট উত্তরের সার্বিক উন্নয়ন করুন। বিগত দিনে স্বাস্থ্য ও শিক্ষায় অনেক কাজ হয়েছে, তবে আমাদের কিছু নির্দিষ্ট দাবিও রয়েছে।”ব্লক সভাপতি আরও জানান, ঘোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন এবং এলাকার কিছু অংশে পানীয় জলের সমস্যা মেটানোর বিষয়ে তাঁরা নতুন প্রার্থীর কাছে আবেদন রাখবেন। ঘরের ছেলেকে বিপুল ভোটে জেতাতে এখন থেকেই ব্লক স্তরে প্রস্তুতি তুঙ্গে।





