খড়গপুরে শক্তি প্রদর্শন, ‘ঘরের মাঠে’ লড়াইয়ের বার্তা দিলীপ ঘোষের
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খড়গপুরে জোরদার শক্তি প্রদর্শন করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।শহরে পা রাখতেই তাঁকে ঘিরে উৎসাহের বিস্ফোরণ দেকা গেলো দিলীপ গড়ে।দলীয় কর্মী ও সমর্থকদের ভিড়ে কার্যত উৎসবের আবহ তৈরি হয় খড়গপুরে।শহরের প্রবেশপথে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই শুরু হয় জমকালো অভ্যর্থনা। ফুলের মালা, ঢাক ঢোল এবং আতশবাজির রোশনাইয়ে স্বাগত জানানো হয় প্রার্থীকে। চৌরঙ্গি মোড় থেকে মোটরসাইকেলে চড়ে শহর পরিক্রমা শুরু করেন দিলীপ ঘোষ। তাঁর এই রোড শো ঘিরে খড়গপুরের বিভিন্ন এলাকায় বিপুল জনসমাগম চোখে পড়ে।শহরের একাধিক গুরুত্বপূর্ণ মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচিও সারেন তিনি। ধর্মীয় আচার মেনে প্রচারের সূচনা করে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ আরও মজবুত করাই এই উদ্যোগের লক্ষ্য বলে মনে করা হচ্ছে। প্রতিটি জায়গায় সমর্থকদের ভিড় এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, যা এই কেন্দ্রের রাজনৈতিক গুরুত্বকেই আরও স্পষ্ট করে।‘ঘরের মাঠে’ দাঁড়িয়ে লড়াইয়ের বার্তাও স্পষ্ট করেছেন দিলীপ । কর্মীদের উদ্দেশে তিনি ইঙ্গিত দেন, এই নির্বাচন শুধুমাত্র একটি আসনের লড়াই নয়, বরং রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ লড়াই। তাঁর কথায়, সংগঠনের শক্তি এবং কর্মীদের নিষ্ঠাই বিজেপির সবচেয়ে বড় ভরসা।রাজনৈতিক মহলের মতে, খড়গপুর দীর্ঘদিন ধরেই দিলীপ ঘোষের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে এই কেন্দ্রকে ঘিরে বিজেপির বিশেষ কৌশল রয়েছে। তাঁর এই জমকালো প্রচার কর্মসূচি সেই কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে। রোড শোর মাধ্যমে একদিকে যেমন জনসংযোগ বাড়ান তিনি, তেমনই কর্মীদের মধ্যে উদ্দীপনা জোগানো ও ছিল দিলীপে প্রধান লক্ষ্য।সব মিলিয়ে, খড়গপুরে দিলীপ ঘোষের এই প্রবেশ শুধুমাত্র একটি প্রচার কর্মসূচি নয়, বরং নির্বাচনের আগে শক্তি ও সংগঠনের প্রদর্শন বলেই দেখছে রাজনৈতিক মহল। আগামী দিনে এই কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।





