ব্রিগেডে মোদী,আর গিরিশ পার্কে তৃণমূল বিজেপি সংঘর্ষ, মন্ত্রীর বাড়িতে পাথর
ব্রিগেড সমাবেশকে ঘিরে শনিবার দুপুরে কলকাতার গিরিশ পার্ক এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটল। দুই পক্ষের পাথর ছোড়াছুড়িতে জখম হয়েছেন বৌবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর সহ একাধিক ব্যক্তি। উত্তেজনার জেরে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।তৃণমূলের অভিযোগ, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীরা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার গিরিশ পার্কের বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়েন। এতে বাড়ির জানলার কাচ ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়ায়। মন্ত্রী শশী পাঁজা দাবি করেছেন, এই হামলায় তিনিও আক্রান্ত হয়েছেন।শশীর অভিযোগ, তাঁর বাড়ির আশপাশে ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার ও ফ্লেক্স লাগানো ছিল। ব্রিগেডগামী বিজেপি কর্মীদের বাস সেই পথ দিয়ে যাওয়ার সময় কিছু কর্মী বাস থেকে নেমে ওই পোস্টার ছিঁড়ে দেন। পরে তৃণমূল কর্মীরা ফের পোস্টার লাগাতে গেলে বিজেপি কর্মীরা নেমে এসে তাঁদের মারধর করেন এবং পাথর ছোড়া শুরু হয়। সেই সময় মন্ত্রীর বাড়িতেও ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। শশী বলেন, “বিজেপির গুন্ডারা পরিকল্পিত ভাবে হামলা করেছে। ব্রিগেডে যাওয়ার বাসে ইট, কাচের বোতল এমনকি বোমাও ছিল।”এদিকে সম্পূর্ণ ভিন্ন দাবি বিজেপির। তাদের অভিযোগ, গিরিশ পার্ক দিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মীরাই প্রথমে ব্রিগেডগামী বাস লক্ষ্য করে ইট ছোড়েন। এতে বিজেপির বেশ কয়েক জন কর্মী আহত হন। দলের উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ গুরুতর জখম হন বলে বিজেপি জানিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিজেপির আরও অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের বাসেও ভাঙচুর চালান। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন বৌবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর।ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে এই সংঘর্ষ ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে, যদিও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।





