বন্ধ সফল করতে গোলাপের আহ্বান কর্মীদের
রাজ্য জুড়ে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই সরগরম তিলোত্তমা। তবে খাদ্যভবনের সামনে দেখা গেল এক বেনজির দৃশ্য। ধর্মঘট সফল করার আহ্বানে সরকারি কর্মচারীদের দেওয়া হচ্ছে গোলাপ ফুল ।খাদ্যভবনের মূল গেটের সামনে এদিন ভিড় জমান আন্দোলনকারীরা। একের পর এক সরকারি গাড়ি যখন ভেতরে ঢোকার চেষ্টা করছে, তখনই পথ আটকান তাঁরা। ধর্মঘটের নিরিখে বরাবরের মতো ছুটি বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, রাজ্য সরকারি কর্মচারী পরিষদ একত্রে এদিন ধর্মঘট ডেকেছে। ইতিমধ্যেই অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ্য সরকারি এবং সরকার অধীনস্থ অফিসে ১৩ই মার্চ,শুক্তবার পূর্ণ বা অর্ধ দিবস ছুটির সমস্ত আবেদন খারিজ হবে। তবে এই তালিকা থেকে মেডিক্যাল, চাইল্ড কেয়ার, মাতৃত্বকালীন ছুটি এবং আর্ন লিভ কে বাইরে রাখা হয়েছে। এর বাইরে ছুটি নিলে শো কজ করা হবে। জবাব সন্তোষজনক না হলে একদিনের বেতন কাটা যাবে। এমনকি জবাবদিহি এড়িয়ে গেলে নন ডাইস বা কর্মজীবনে একদিনের ছেদ পড়বে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট কর্মী সংগঠন, রাজ্যের বিরোধী দল বিজেপি বামফ্রন্ট এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।





