জুমলা সেদ্ধ’ করে প্রতিবাদ! জ্বালানি সংকটে মোদী সরকারকে কংগ্রেস সেবাদলের কটাক্ষ

জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কর্মসূচি নিল কংগ্রেস সেবাদল। শুক্রবার মধ্য কলকাতায় এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রের অর্থনীতি, জ্বালানি নীতি ও বিদেশনীতি নিয়ে সরব হলেন কংগ্রেস কর্মীরা।কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জেরে দেশে রান্নার গ্যাস সহ বিভিন্ন জ্বালানির তীব্র সংকট তৈরি হয়েছে। গ্যাস বুকিং করলেও সময়মতো সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট রেস্তোরাঁ ব্যবসায়ীরা। অনেক রেস্তোরাঁ বন্ধ হওয়ার মুখে, অন্যদিকে অটো ও পরিবহণ খাতে জ্বালানির দাম বৃদ্ধির কারণে ভাড়া লাগামছাড়া হয়ে উঠছে। পাশাপাশি কালোবাজারির অভিযোগও উঠছে বিভিন্ন জায়গায়।এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন পশ্চিমবঙ্গ সফরকেও কটাক্ষ করে কংগ্রেস নেতৃত্বের দাবি, নির্বাচনের আগে আবারও ‘নতুন জুমলা’ শোনাতে আসছেন তিনি। তাদের মতে, শুধুমাত্র প্রতিশ্রুতি বা জুমলা দিয়ে দেশ চালানো যায় না, বাস্তব সমস্যার সমাধান করতে হবে কেন্দ্রকে।এই দাবিকে সামনে রেখে মধ্য কলকাতা জেলা মহিলা কংগ্রেস এবং Indian ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস (INTUC) সেবাদলের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ প্রতিবাদ কর্মসূচির।শুক্রবার দুপুরে কলকাতার লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতাল এর উল্টোদিকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে প্রতীকীভাবে “জুমলা সেদ্ধ” কর্মসূচি পালন করেন কর্মীরা। বিশেষ পদ্ধতিতে প্রতীকী ‘জ্বালানি’ ব্যবহার করে রান্নার আয়োজন করে কেন্দ্রের নীতিকে ব্যঙ্গ করা কংগ্রেস।আইএনটিইউসি সেবাদলের বক্তব্য, জ্বালানি নীতি ও মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন ক্রমশ কঠিন হয়ে উঠছে। তাই মিথ্যাচার বন্ধ করে বাস্তব সমস্যার সমাধানে উদ্যোগি হওয়ার পরামর্শ দেয় কংগ্রেস সেবা দল। কংগ্রেসের দাবি, জনগণের স্বার্থে কাজ করলেই দেশের উন্নয়ন সম্ভব, শুধুমাত্র রাজনৈতিক প্রচার বা প্রতিশ্রুতি দিয়ে নয়।এই অভিনব কর্মসূচিকে ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয় এবং কিছু সময়ের জন্য ভিড়ও জমে যায়। তবে গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *