মুখ্যমন্ত্রী পাড়াতেও কালো পতাকা, বিক্ষোভ,কালীঘাট থেকে বেরিয়ে কী বললেন জ্ঞানেশ?
রবিবার রাতে কলকাতায় পা রাখা থেকে গো ব্যাক স্লোগান আর বিক্ষোভের মুখে পড়তে হয়েছে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। রবিবার রাতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় আসার পর সোমবার রয়েছে ঠাসা কর্মসূচি।দফায় দফায় রাজ্য প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক রয়েছে কমিশনের ফুল বেঞ্চের।রাজ্যে তিন দিনের সফরে এসেছেন জ্ঞানেশ। ফুল বেঞ্চের সঙ্গে রয়েছেন আরও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী। সোমবার সকাল ১০টা নাগাদ রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁদের বৈঠক হবে। এর পর প্রশাসনের সঙ্গেও বৈঠক রয়েছে। রাজ্যের মুখ্যসচিব, পুলিশপ্রধান সহ অন্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন।তবে তার মধ্যেই রবিবার রাতে কালো পতাকা,বিক্ষোভের রেশ কাটিয়ে সোম সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জ্ঞানেশ।সেখানেও বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে।জ্ঞানেশকে ঘিরে ধরে এক দল বিক্ষোভকারী কালো পতাকাও দেখালেন বলে খবর। ফের উঠল ‘গো ব্যাক’ স্লোগানও। তবে কলকাতায় পা রাখার পর থেকেই বিক্ষোভের সম্মুখিন হয়েও কোনও মন্তব্যই করতে চাননি জ্ঞানেশ। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গিয়েছেন তিনি।তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল ও।সূত্রের খবর তাঁদের কালীঘাট পৌঁছোনোর আগে থেকেই মন্দিরের সামনে বিক্ষোভ চলছিল। কালো পতাকা হাতে জ্ঞানেশের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান তুলছিলেন অনেকেই। অভিযোগ একটাই।এসআইআর করার মধ্যে দিয়ে ভোটার তালিকা থেকে অযথা নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।তবে জ্ঞানেশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হলেও সেই বিক্ষোভ কারীদের মধ্যে দিয়েই মন্দিরে প্রবেশ করেন জ্ঞানেশ। আর পুজো দিয়ে পশ্চিমবঙ্গের সকল মানুষকে ভাইবোন সম্বোধন করে নমস্কার জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন। বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলেও কোনও মন্তব্য করতে চাননি কমিশনার। গাড়িতে উঠে তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর পাড়া ছাড়েন তিনি।রাজনৈতিক মহলের মতে রবি রাত থেকে কালো পতাকা আর বিক্ষোভের সঙ্গে তিনি নিজেকে আত্মস্থ করেছেন।তবে কমিশন সূত্র বলছে পুজো দিয়ে জ্ঞানেশ বলেছেন, ‘‘এ বার শুধু নির্ভয় নির্বাচনের পর্ব হবে। ’কালীঘাটের পাশাপাশি বেলুড় মঠেও যেতে পারেন জ্ঞানেশ বলে খবর।





