জ্ঞানেশের সঙ্গে বৈঠকে তৃণমূল প্রতিনিধিদলে প্রথম রাজীব কুমার
রবিবার রাতেই কলকাতায় চলে এসেছেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু, বিবেক জোশী দু’জন ডেপুটি কমিশনার মণীশ গর্গ এবং পবনকুমার শর্মা সহ ১২ জন প্রতিনিধি।জ্ঞানেশদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য নির্বাচনী আধিকারিক।সোমবারেই এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দল। আর সেই বৈঠকে প্রথমবার তৃণমূলের প্রতিনিধিদলের সদস্য হয়ে থাকছেন রাজীব কুমার।রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি এবং বর্তমানে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী রাজীব। তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে ও হাজির ছিলেন প্রাক্তন আইপিএস এই অফিসার। তৃণমূল সূত্রে খবর, ওই প্রতিনিধিদলে থাকবেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্যও।সকাল দশটা থেকে রাজনৈতিক দলগুলির সঙ্গে বেঠকের পর দুপুর ১টা ১৫ মিনিটে ভোটপ্রস্তুতি নিয়ে বৈঠক করবে কমিশন। সেখানে কেন্দ্র ও রাজ্যের ২৪টি সংস্থার প্রতিনিধি থাকবেন। বৈঠকে ডাকা হয়েছে আইজি, ডিআইজি, পুলিশ কমিশনারেট, পুলিশ সুপার এবং জেলাশাসকদেরও।অন্যদিকে এসআইআর ইস্যুতে রাজ্যের শাসকদলের ধর্না সোমবার চতুর্থ দিনে পড়েছে।





