গ্যাস নাই, রান্না নাই’ মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারী দিবসে হাঁড়ি খুন্তি নিয়ে মিছিলের ডাক মমতার
রান্নার গ্যাসের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার ধর্মতলার ধর্না মঞ্চ থেকে মমতার ঘোষণা, রবিবার আন্তর্জাতিক নারী দিবস।ওই দিন মূল্যবৃদ্ধির প্রতিবাদে কালো কাপড় পরে হাতা খুন্তি নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করুন।মুখ্যমন্ত্রীর বক্তব্য, গ্যাসের দাম বাড়ার ফলে সাধারণ মানুষের রান্নাঘরের বাজেট ভেঙে পড়ছে। তাই এই প্রতিবাদ হবে সরাসরি গৃহস্থালির সংকটকে সামনে রেখে। তিনি বলেন, “কাল মিছিল হবে। গ্যাস নাই, রান্না নাই! হাঁড়ি-কড়াই, হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিল হবে আন্তর্জাতিক নারী দিবসে। মানবিকতার জন্য এই মিছিল।”এটা প্রতিবাদের মিছিল।তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মিছিলের রুট ও সময় নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের মহিলা সংগঠনের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। শনিবার সন্ধ্যার মধ্যেই মিছিলের নির্দিষ্ট পরিকল্পনা চূড়ান্ত হতে পারে বলে দলীয় সূত্রে খবর।মিছিলের মহিলাদের কালো শাড়ি পরার কথা বলতে গিয়ে তিনি আইনজীবীদের কালো কোটের উদাহরণ টেনে বলেন, “যে ভাবে আইনজীবীরা কালো কোট পরে কোর্টে যান, তেমনই কালো শাড়ি পরে প্রতিবাদ জানাতে পারেন।” পাশাপাশি তিনি জানান, কেউ চাইলে গ্যাসের চুলা বা রান্নার কাঁচা সামগ্রীও সঙ্গে নিয়ে আসতে পারেন। তাঁর কথায়, “রান্নার জন্য যা যা দরকার, নিয়ে আসবেন।”তবে ভোটের আবহে সতর্ক মমতার সাফ বার্তা এই আন্দোলন শুধু গণতান্ত্রিক প্রতিবাদের জন্য, কোনওভাবেই অশান্তি সৃষ্টি করার জন্য নয়। তাঁর বক্তব্য, “এটা প্রতিবাদের জন্য, অশান্তির জন্য নয়। প্রতিবাদের ভাষা বেছে নিতে হবে।”এরপরই তাঁর দাবি, গত শুক্রবার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় ৬০ টাকা বাড়ানো হয়েছে। তার আগে কয়েক দিন আগেই আরও ৪৯ টাকা বৃদ্ধি করা হয়েছিল। ফলে গ্যাসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।রাজনৈতিক মহলের মতে পশ্চিম এশিয়ার সংঘাত ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতার কারণেই গ্যাসের দাম বেড়েছে। তবে এই যুক্তি মানতে নারাজ মমতা। তাঁর প্রশ্ন, সম্ভাব্য সংকটের কথা আগে থেকে কেন ভাবা হয়নি। তিনি কটাক্ষ করে বলেন, “এগুলো আগে ভাবা উচিত ছিল না? ওদের কমরেড বলি—কমরেড শব্দকে আমি শ্রদ্ধা করি, কিন্তু বেনামী কমরেডদের নয়।”গ্যাসের পাশাপাশি কেরোসিনের সংকটের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিকল্প জ্বালানিও এখন সাধারণ মানুষের নাগালে নেই। তিনি বলেন, “কেরোসিনও নেই যে স্টোভ জ্বালাবে। বাস্তব জীবনে যা মানুষের দরকার, সেটাই নেই। পরিকল্পনা না করে শুধু জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে।”সম্প্রতি ১৪.২ কেজির গৃহস্থালি রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বেড়ে ৮৭৯ টাকা থেকে ৯৩৯ টাকায় পৌঁছেছে। একই সঙ্গে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। ফলে এই সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১,৯৯০ টাকা। এর আগে গত ১ মার্চ বাণিজ্যিক গ্যাসের দাম আরও ৩১ টাকা বাড়ানো হয়েছিল।এই মূল্যবৃদ্ধির প্রতিবাদেই নারী দিবসে পথে নামতে চলেছে তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, রান্নাঘরের খরচ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রশ্নকে সামনে রেখে এই আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের ক্ষোভকে তুলে ধরার চেষ্টা করছে রাজ্যের শাসকদল





