হরমুজ়ে নৌসেনার নজরদারি, ২২ জাহাজে ৬১১ ভারতীয় নিরাপদ এলপিজি নিয়ে সতর্ক বার্তা কেন্দ্রের

পশ্চিম এশিয়ার অস্থিরতার মাঝে হরমুজ় প্রণালী ঘিরে নিরাপত্তা জোরদার করেছে ভারত। কেন্দ্র তরফে জানান হয়েছে, ভারতীয় নৌসেনা ওই অঞ্চলে সক্রিয়ভাবে পাহারা দিচ্ছে। একই সঙ্গে আটকে থাকা ২২টি জাহাজে থাকা ৬১১ জন ভারতীয় সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।বুধবার যৌথ সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রক, জাহাজ মন্ত্রক এবং পেট্রোলিয়াম মন্ত্রক পরিস্থিতি ব্যাখ্যা করে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, হরমুজ় সংলগ্ন এলাকায় নৌসেনা টহল দিচ্ছে এবং বিভিন্ন সরকারি উদ্যোগে সহায়তা করছে। তবে নির্দিষ্ট অপারেশনাল তথ্য প্রকাশ করা হয়নি।তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি শেখ মহম্মদ বিন জ়ায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে ফোনে কথা বলেছেন। দুই নেতা হরমুজ় প্রণালী দিয়ে নিরাপদ বাণিজ্যিক জাহাজ চলাচলের গুরুত্বে একমত হন এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিন্‌হা জানান, হরমুজ়ের পশ্চিম প্রান্তে আটকে থাকা ২২টি জাহাজে মোট ৬১১ জন ভারতীয় রয়েছেন। তাঁরা সকলেই সুরক্ষিত। গত ২৪ ঘণ্টায় জলপথে ২৫ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কন্ট্রোল রুমে এসেছে ১২৫টি ফোন ও ৪৫০টি ইমেল, যা পরিস্থিতির গুরুত্বই বোঝাচ্ছে।এরই মধ্যে ভারতীয় জাহাজ ‘শিবালিক’ ও ‘নন্দাদেবী’ নিরাপদে দেশে পৌঁছেছে এবং বিশাখাপত্তনম বন্দরে পণ্য নামানোর কাজ চলছে। অতিরিক্ত মজুতের জন্য বন্দরে ২২৫০ বর্গমিটার জায়গা তৈরি করা হয়েছে।অন্যদিকে, জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ রয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের বিশেষ সচিব সুজাতা শর্মা জানান, এলপিজি সরবরাহ এখনও সমস্যার মধ্যে আছে। যদিও ৯৩ শতাংশ বুকিং এখন অনলাইনে হচ্ছে, তবুও অনেক জায়গায় ডিলারদের সামনে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। গ্রাহকদের ধৈর্য ধরার আবেদন জানিয়েছেন তিনি।তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশে পেট্রোল ডিজেলের দামে এখনই কোনও পরিবর্তন হয়নি। পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে বলেও আশ্বস্ত করেছে কেন্দ্র।একই সঙ্গে নাগরিকদের পিএনজি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে এবং রাজ্যগুলিকে অতিরিক্ত ১০ শতাংশ বাণিজ্যিক এলপিজি বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে। সব মিলিয়ে, সঙ্কট মোকাবিলায় বহুমুখী প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র বলেই সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *