প্রয়াত ঋতুপর্ণের ‘গুরু’ তমাল রায়চৌধুরী, শোকস্তব্ধ টলিউড
প্রয়াত মঞ্চ-পর্দার সফল অভিনেতা, নাট্য নির্দেশক তমাল রায়চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আশির উপরে। আর্টিস্ট ফোরাম থেকে জানানো হয়েছে, সোমবার ভোর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে ঘুমের মধ্যেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। খবর, হৃদ্রোগজনিত সমস্যায় অনেক দিন ধরেই ভুগছিলেন তিনি।হৃদয়কে সুস্থ রাখতে পেসমেকার বসানো হয়েছিল।তা সত্ত্বেও অসুস্থতা এবং বয়সজনিত কারণে দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি।আর্টিস্ট ফোরামের অন্যতম সম্পাদক দেবদূত ঘোষ জানিয়েছেন, গৃহপরিচারিকা এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসককে খবর দেন। তিনি এসে জানান, ঘুমের মধ্যেই মারা গিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। রেখে গিয়েছেন পুত্র, কন্যা এবং পুত্রবধূকে। দেবদূতের আক্ষেপ, “রাজার মতো মন ছিল তমালদার। রাজার মতোই চলে গেলেন। এ রকম অভিনেতা টলিউড আর পাবে না।” তিনি আরও জানান, বর্ষীয়ান অভিনেতা আর্টিস্ট ফোরামের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ছিলেন।আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে দিগন্ত বাগচী জানিয়েছেন, সোমবার বিকেল চারটের সময় বর্ষীয়ান অভিনেতার মরদেহ আনা হবে টেকনিশিয়ান স্টুডিয়োয়। সেখানে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে। এর পরে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।





