বাড়ির দরজায় দাতাল হাতি, সাঁকরাইলের ধানঘোরী এলাকায় রাতভর দাঁতালের তাণ্ডবে চাঞ্চল্য

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরী এলাকায় দাতাল হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল গ্রাম জুড়ে। গভীর রাতে হঠাৎই লোকালয়ে ঢুকে পড়ে একটি দাতাল হাতি। এলাকায় বেশ কিছুক্ষণ দাপিয়ে বেড়ানোর পর এক ব্যক্তির বাড়ির খামারে কলা বাগানে গাছে ভাঙচুর চালায় হাতি।বাড়ির দরজার সামনে হাতিকে দেখে ঘুম উড়ে যায় পরিবারের সদস্যদের।রাতভোর কাটে আতঙ্কে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গভীর রাতে হাতিটি ধানঘোরী গ্রামের একাধিক বাড়ির সামনে ঘোরাফেরা করতে থাকে। হঠাৎ বাড়ির দরজার সামনে বিশাল দাতাল হাতিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন একটি পরিবারের সদস্যরা। সেই সময় হাতির ভয়ে পালাতে গিয়ে পা পিছলে পড়ে আহত হন এক যুবক। গ্রামবাসীদের অভিযোগ, প্রায়ই জঙ্গল থেকে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে। বিশেষ করে রাত নামলেই হাতির আতঙ্কে ঘুম হারাতে হচ্ছে ধানঘোরী ,ছোলাখালি সহ আশপাশের একাধিক গ্রামের বাসিন্দাদের।স্থানীয়দের দাবি, বারবার খবর দেওয়া সত্ত্বেও বন দপ্তরের পক্ষ থেকে দ্রুত কোনও ব্যবস্থা নেওয়া হয় না। ফলে হাতির আতঙ্কে প্রতিদিনই ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের। এদিনের ঘটনায় বনদপ্তরের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *