মুম্বই থেকে ফিরেই রাহুলের বাড়িতে জিৎ, তবুও কেন সমালোচনার মুখে সুপারস্টার?

মুম্বই থেকে ফিরে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছুটে গেলেন টলিউড সুপারস্টার জিৎ। তবুও নেটদুনিয়ায় সমালোচনার মুখে পড়তে হল তাঁকে।রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা বিনোদন জগৎ। গত ২৯ মার্চ তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতার। এরপর থেকেই ইন্ডাস্ট্রির শিল্পী ও টেকনিশিয়ানরা একজোট হয়ে নিরাপত্তা এবং দায় নির্ধারণের দাবিতে সরব হয়েছেন। একাধিক বৈঠকেও বসেছে আর্টিস্ট ফোরাম।তবে এই পুরো সময় জুড়ে টলিপাড়ার কোনও কর্মসূচিতে দেখা যায়নি জিৎকে। শেষকৃত্য থেকে প্রতিবাদ মিছিল।সব জায়গাতেই তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল অনুরাগী মহলে। সূত্রের খবর, কাজের সূত্রে তিনি মুম্বইয়ে ছিলেন।শুক্রবার শহরে ফিরেই বিজয়গড়ে রাহুলের বাড়িতে যান জিৎ। সেখানে অভিনেতার মা ও দাদার সঙ্গে দেখা করে সমবেদনা জানান। ‘সহজ কথা’ স্টুডিওতেও কিছুক্ষণ সময় কাটান তিনি।কিন্তু সেই মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন, শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করার মতো ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করা কতটা সমীচীন। আবার কারও মতে, এতদিন পর গিয়ে দেখা করা নিয়েও প্রশ্ন থেকেই যায়।অন্যদিকে জিৎ-এর সমর্থকদের দাবি, তিনি শহরে ফিরেই প্রথমে রাহুলের বাড়িতে গিয়েছেন। সেটাও সকলের জানা উচিত। ভিডিও না থাকলে বিষয়টি সামনে আসত না বলেও তাঁদের মত।সব মিলিয়ে, রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে যেমন প্রশ্নের পাহাড় তৈরি হয়েছে, তেমনই জিৎকে ঘিরে এই বিতর্কেও দ্বিধাবিভক্ত নেটদুনিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *