SSC দুর্নীতি তদন্তে তৎপর ED, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজর

SSC নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের তৎপর হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি। শুক্রবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার নাকতলার বাসভবনে হানা দেন ED আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই তল্লাশি অভিযান চালানো হয়।যার জেরে গোটা এলাকা কার্যত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়।সূত্রের খবর, অন্তত তিনটি গাড়িতে করে ইডির একটি দল সকালে নাকতলায় পৌঁছয়। বাড়ির ভিতরে ঢুকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্য সংগ্রহের কাজ করেন তারা। তদন্তকারী সংস্থার আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়ির ভিতরে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালান বলে জানা গিয়েছে। এই অভিযানে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন, যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।SSC নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও আর্থিক দুর্নীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন। সেই মামলারই আর্থিক লেনদেনের দিকটি খতিয়ে দেখতে EDর এই নতুন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা বিশেষভাবে নজর দিচ্ছেন তথাকথিত ‘মিডলম্যান’দের ভূমিকার ওপর।এদিন একইসঙ্গে ED হানা দেয় অভিযুক্ত মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের নিউটাউনের অফিসেও। সেখানে গুরুত্বপূর্ণ আর্থিক নথি, লেনদেনের হিসাব এবং সম্ভাব্য যোগাযোগের সূত্র খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। তদন্তকারীদের অনুমান, নিয়োগ দুর্নীতির টাকা কীভাবে বিভিন্ন চ্যানেলে ঘুরেছে, সেই তথ্য মিলতে পারে এই তল্লাশি থেকে।ED-র এই জোড়া অভিযানে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধীরা ইতিমধ্যেই শাসকদলকে কটাক্ষ করতে শুরু করেছে, অন্যদিকে শাসকদলের তরফে এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে পাওয়া কিছু নতুন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে। বিশেষ করে, আর্থিক লেনদেন, সম্পত্তি ক্রয় এবং বেআইনি সম্পদের উৎস খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।সব মিলিয়ে, SSC দুর্নীতি মামলায় ED-র এই নতুন তৎপরতা স্পষ্ট করছে যে তদন্ত এখনও অনেক দূর এগোতে বাকি। আগামী দিনে এই মামলায় আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *