পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে তুমুল বিক্ষোভ, মুখোমুখি বিজেপি,তৃণমূল
পানিহাটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার ঘিরে ফের উত্তপ্ত হল রাজ্যের রাজনৈতিক পরিবেশ। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে গিয়ে অভয়ার মাকে ঘিরে তৈরি হল বিক্ষোভ। স্লোগান এবং পাল্টা স্লোগানের পরিস্থিতিতে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।প্রচারের সময় স্থানীয় এক মহিলার পক্ষ থেকে অভয়ার মাকে উদ্দেশ্য করে আপত্তিজনক মন্তব্য করা হয় বলে অভিযোগ। ওই মহিলা অভিযোগ করেন, নিজের মেয়েকে সামনে রেখে ‘সহানুভূতি অর্জনের রাজনীতি’ করা হচ্ছে এবং তা কার্যত ব্যক্তিগত ট্র্যাজেডিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার সামিল। এই মন্তব্য ঘিরেই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।বিজেপি কর্মীরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় স্লোগান দিতে শুরু করেন। তাঁদের দাবি, একজন মায়ের ব্যক্তিগত জীবনের ঘটনাকে টেনে এনে এই ধরনের আক্রমণ সম্পূর্ণ অমানবিক এবং রাজনৈতিক শালীনতার পরিপন্থী। অন্যদিকে, তৃণমূল সমর্থকরাও পাল্টা স্লোগানে সরব হন। তাঁদের অভিযোগ, সহানুভূতির রাজনীতি করেই ভোটে ফায়দা তুলতে চাইছে বিজেপি।দু’পক্ষের বাগ্বিতণ্ডা দ্রুত বিক্ষোভে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া হলেও এলাকায় উত্তেজনা বজায় থাকেে বলে জানা যায়।এই ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে দোষারোপের পালা। বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে ‘নারী বিদ্বেষী’ মন্তব্যের অভিযোগ তোলা হয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে আবেগকে কাজে লাগিয়ে নির্বাচনী ফায়দা তুলতে চাইছে।ভোটের আগে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে পানিহাটির রাজনৈতিক আবহ যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা বলাই বাহুল্য।





