বর্ষাবিঘ্নেও বজ্রগতির ব্যাটিং, রাজস্থানের দাপটে মুম্বইকে ২৭ রানে হার

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির বাধায় প্রায় তিন ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচেও উত্তেজনার কমতি ছিল না। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নিল রাজাস্থান রয়্যালস। ২৭ রানে হারাল মুম্বাই ইন্ডিয়ান্সকে।টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কিন্তু শুরু থেকেই সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। মাত্র ১৬ বলেই ৫০ রানের ঝড়ো সূচনা এনে দেন তাঁরা। প্রথম ওভারেই ট্রেন্ট বোল্টের বলে ২২ রান ওঠে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শুরুতেই।বৈভব সূর্যবংশী মাত্র ১৪ বলে ৫টি ছক্কাসহ ৩৯ রান করে আউট হন। অন্যদিকে আরও বিধ্বংসী মেজাজে ব্যাট করেন জয়সওয়াল মাত্র ৩২ বলে ৭৭ রানের ঝড় তোলেন তিনি। তাঁর ইনিংসে ছিল একের পর এক বাউন্ডারি ও আগ্রাসী শট, যা মুম্বইয়ের বোলিং আক্রমণকে কার্যত ভেঙে দেয়। এমনকি যশপ্রিত বুমড়ার মতো অভিজ্ঞ বোলারও রেহাই পাননি।এই দুই ওপেনারের তাণ্ডবে মাত্র ১১ ওভারেই ১৫০ রানের বিশাল স্কোর গড়ে তোলে রাজস্থান, যা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কার্যত ম্যাচ-নির্ধারক হয়ে দাঁড়ায়।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মুম্বই। প্রথম ওভারেই উইকেট হারিয়ে ধাক্কা খায় তারা। রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব কেউই বড় ইনিংস খেলতে পারেননি। মাত্র ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় মুম্বই।শেষদিকে শেহফেন রুদাীফোর্ড ও নমন ধীর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দু’জনেই ২৫ রান করে দলকে টানার চেষ্টা করলেও প্রয়োজনীয় রানরেটের চাপ সামলাতে পারেননি। তাঁদের বিদায়ের পর মুম্বইয়ের ইনিংস ভেঙে পড়ে।শেষ পর্যন্ত ১২৩/৯ রানেই থামে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখে ২৭ রানের গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় রাজস্থান রয়্যালস।এই জয়ে শুধু দুই পয়েন্টই নয়, নেট রান রেটেও বড়সড় সুবিধা পেল রাজস্থান।আর মুম্বইকে আবারও ভাবতে হচ্ছে তাদের ব্যাটিং ভরসা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *