বাইপাসে তারকাখচিত সন্ধ্যায় বেঙ্গল প্রো টি-টোয়েন্টির কাউন্টডাউন, রিঙ্কুকে উপরে তোলার বার্তা সৌরভের
বাইপাস সংলগ্ন এক পাঁচতারা হোটেলে তারকাখচিত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের নতুন মরশুমের আনুষ্ঠানিক প্রস্তুতি। মঙ্গলবার সন্ধ্যার এই জমজমাট আয়োজন ঘিরে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সঙ্গে বাংলার ক্রিকেট মহলের পরিচিত মুখঋদ্ধিমাণ সাহা,মনোজ তিওয়ারী,দীপ দাশগুপ্ত,ঝুলন গোস্বামী এবং উৎপল চ্যাটার্জী।অনুষ্ঠান চলাকালীন যোগ দেন আজিংকা রাহানে এবং রিঙ্কু সিং। কিছুটা পরে উপস্থিত হন মহম্মদ স্বামী। প্রায় দু’ঘণ্টার সংক্ষিপ্ত কিন্তু আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে লিগের সব ফ্র্যাঞ্চাইজিকে মঞ্চে তুলে সংবর্ধনা জানানো হয়, যা নতুন মরশুমের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।এবারের লিগে একটি নতুন দল যুক্ত হওয়ায় মোট ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯-এ। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনায় বড়সড় বদলের ইঙ্গিত।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধাঁচে আগামী বছর থেকে এই লিগেও চালু হতে পারে নিলাম পদ্ধতি।গত মরশুমে না খেললেও, এবারে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মহম্মদ শামি, যা লিগের মান আরও বাড়াবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি টক শো, যেখানে সৌরভ, ঝুলন, শামির পাশাপাশি রাহানে ও রিঙ্কু অংশ নেন। আলোচনায় ঝুলন বলেন, এই ধরনের টুর্নামেন্ট শুধু পুরুষদের নয়, মহিলা ক্রিকেটের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবং ক্লাব স্তরের প্রতিযোগিতাকেও শক্তিশালী করছে।আড্ডার এক পর্যায়ে উঠে আসে কলকাতা নাইট রাইডার্সের প্রসঙ্গ। সেই সময় সৌরভ গাঙ্গুলি রাহানেকে পরামর্শ দেন, রিঙ্কু সিং কে ব্যাটিং অর্ডারে আরও উপরে তুলে আনার জন্য, যাতে তিনি বেশি সময় উইকেটে থেকে ম্যাচে বড় প্রভাব ফেলতে পারেন।অধিনায়ক রাহানে এই প্রসঙ্গে জানান, কেকেআরের নেতৃত্ব পাওয়া তাঁর কাছে বিশেষ সম্মানের। তিনি দলের ইতিবাচক পরিবেশ, শাহ রুক খানের সমর্থন এবং ইডেন গার্সপন্সের দর্শকদের আবেগের কথা তুলে ধরেন। তাঁর কথায়, ইডেনে খেলার অভিজ্ঞতা সবসময়ই আলাদা।হোক আইপিএল বা ঘরোয়া ক্রিকেট।সব মিলিয়ে, তারকাদের উপস্থিতি আর ভবিষ্যৎ পরিকল্পনার ঝলকেই বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের নতুন মরশুম ঘিরে প্রত্যাশা আরও উঁচুতে উঠল।





