তিন প্রশ্নে বন্দি! ছোটদের জন্য রহস্য-কমেডি ‘সাহেব রাজার বাড়ি’ আনছেন সূর্য ভট্টাচার্য
ছোটদের জন্য ভৌতিক-মিশ্রিত কমেডির নতুন চমক নিয়ে আসছেন পরিচালক সূর্য ভট্টাচার্য। তাঁর আগামী ছবি ‘সাহেব রাজার বাড়ি’ ইতিমধ্যেই শুটিং শেষ করেছে এবং চলতি বছরই বড়পর্দায় মুক্তির কথা জানা গেছে।ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অভিজ্ঞ অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকছেন অমৃতা চট্টোপাধ্যায়, অর্ণব ব্যানার্জি এবং বরুণ চক্রবর্তী। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে খুদে শিল্পী আদৃজা ভট্টাচার্য, ওঙ্কার ভট্টাচার্য ও সমাদৃতা দত্তকে।গল্পের কেন্দ্রে রয়েছে আইটি পেশাদার রাজদীপ ও তার পরিবার। ব্যস্ত জীবনের ফাঁকে একটু নিরিবিলি সময় কাটাতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে তারা। রাজদীপের স্ত্রী শ্রেয়া, যিনি একজন ট্রাভেল ভ্লগার, এই সফরকে সাধারণ রাখতে চান না। বরং তিনি বেছে নেন রহস্যঘেরা ‘সাহেব রাজার বাড়ি’।যেখানে তিনি নিজের পরবর্তী রোমাঞ্চকর ভ্লগ তৈরি করবেন। পরিবারে রয়েছেন রাজদীপের মা এবং দুই সন্তান তিতলি ও তোজো।যারা এই অভিযানে সমান উৎসাহে সঙ্গী হয়।এই গল্পের মোড় ঘোরে এক প্রাচীন কিংবদন্তিকে কেন্দ্র করে। বিশাল প্রাসাদের মালিক ছিলেন রাজা বিভূতি নারায়ণ চৌধুরী, যিনি ‘সাহেব রাজা’ নামে পরিচিত। জীবদ্দশায় তিনি ন্যায়পরায়ণ শাসক হলেও, জীবনের শেষদিকে দেওয়া তিনটি বিচারের জন্য প্রজাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সেই অপরাধবোধ নিয়েই তাঁর মৃত্যু, আর তারপর থেকেই শুরু হয় অশান্ত আত্মার গল্প।লোকমুখে প্রচলিত, গত প্রায় ৩০০ বছর ধরে তাঁর আত্মা এই প্রাসাদে ঘুরে বেড়াচ্ছে। কেউ সেখানে প্রবেশ করলে, তাদের আটকে রেখে তিনটি গল্প শোনানো হয় এবং করা হয় তিনটি কঠিন প্রশ্ন।যার সঠিক উত্তর আজও কেউ দিতে পারেনি।রাজদীপের পরিবারও এই ভৌতিক ফাঁদে জড়িয়ে পড়ে। তাদের সন্তান তিতলি ও তোজো কি পারবে সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে? রাজদীপ ও শ্রেয়া কি উদ্ধার করতে পারবে তাদের পরিবারকে? এই টানটান রহস্যের মধ্যেই এগোবে ছবির গল্প।রহস্য, ইতিহাস, আবেগ এবং বুদ্ধির লড়াই।সব মিলিয়ে ‘সাহেব রাজার বাড়ি’ তৈরি হতে চলেছে এক ভিন্ন স্বাদের পারিবারিক থ্রিলার-কমেডি হিসেবে। ছোটদের জন্য তৈরি হলেও, বড়দেরও টানবে এই ছবির অনন্য গল্প বলার ধরন এমনটাই আশা টলিউড মহলের।





