তালসারি-কাণ্ডে তোলপাড় টলিউড, হাসপাতালের বেড থেকেই রাহুলের ন্যায় বিচারের দাবিতে সরব রোহন
তালসারিতে শুটিং চলাকালীন তরুণ অভিনেতার মৃত্যুকে ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে টলিউড। গত ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ছবির শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়।এই ঘটনাকে কেন্দ্র করে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি, পাশাপাশি উঠছে একাধিক প্রশ্ন।রাহুলের অকাল প্রয়াণে পরিবার, বন্ধু ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে শুধুমাত্র শোকেই থেমে থাকেননি টলিউডের শিল্পীরা।তাঁরা সরব হয়েছেন ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায্য বিচারের দাবিতে। প্রথমে প্রতিবাদস্বরূপ কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হলেও, মঙ্গলবার একাধিক বৈঠকের পর শর্তসাপেক্ষে সেই কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে গতি না এলে ফের কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে তাঁদের অবস্থানও বহাল থাকবে।এই উত্তাল পরিস্থিতির মধ্যেই হাসপাতালের বেড থেকে রাহুলের জন্য বিচার চাইলেন অভিনেতা রোহন ভট্টাচার্য । নিজের শারীরিক অসুস্থতার মধ্যেও সহকর্মীর মৃত্যুর ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।রোহনের শারীরিক অবস্থার বিষয়ে তাঁর ঘনিষ্ঠ অঙ্গনা রায় জানান, গত মাসে তাঁর কিডনিতে পাথর ধরা পড়ে, যা ইউরিটারে আটকে গিয়ে তীব্র যন্ত্রণা সৃষ্টি করে। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের মাধ্যমে একটি স্টেন্ট বসানো হয়। নির্ধারিত সময় অনুযায়ী সেই স্টেন্ট অপসারণের জন্যই তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি হতে হয়। মঙ্গলবার একটি ছোট অস্ত্রোপচারের মাধ্যমে স্টেন্টটি সফলভাবে অপসারণ করা হয়েছে।বর্তমানে রোহনের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগের তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং শীঘ্রই বাড়ি ফিরতে পারবেন।তালসারি-কাণ্ডে এখনও পর্যন্ত তদন্তের পূর্ণাঙ্গ অগ্রগতি স্পষ্ট নয়, যা নিয়ে শিল্পী মহলে ক্ষোভ বাড়ছে। রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনা এবং দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন জারি থাকবে বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন টলিউডের একাংশ।এই কঠিন সময়ে একদিকে যেমন শোক, তেমনই ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ টলিউড।এখন নজর প্রশাসনের পদক্ষেপের দিকে।





