তালসারিতে শুটিংয়ে রহস্যমৃত্যু,‘ম্যাজিক মোমেন্টস’ বয়কটের সিদ্ধান্ত

দীঘা সংলগ্ন তালসারিতে শুটিং চলাকালীন এক তরুণ অভিনেতার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় টলিউডে। গত ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ছবির শুটিংয়ের সময় মৃত্যু হয় অভিনেতা এমন দাবিকে ঘিরে এখনও ধোঁয়াশা কাটেনি।প্রাথমিকভাবে জানা যায়, সমুদ্রের জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি। শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা কতটা ছিল, উদ্ধারকাজে দেরি হয়েছিল কি না,এই সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে।এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন টলিউডের শিল্পী ও টেকনিশিয়ানদের একাংশ। সহকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন। তাঁদের অভিযোগ, শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।প্রতিবাদে টলিউডের বিভিন্ন সংগঠন ৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছিল। ফলে টালিগঞ্জের স্টুডিয়োপাড়া থেকে শুরু করে টেলিভিশন ও সিনেমার কাজ থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।তবে পরবর্তীতে ইন্ডাস্ট্রির শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতিতে কিছুটা বদল আসে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্ট্যোপাধ্যায় জানান, আপাতত কর্মবিরতি স্থগিত রাখা হচ্ছে এবং সিনেমা ও টেলিভিশনের কাজ স্বাভাবিকভাবেই চলবে।তবে এই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ম্যাজিক মোমেন্টস’ নামক প্রযোজনা সংস্থার সঙ্গে আপাতত কোনো শিল্পী বা টেকনিশিয়ান কাজ করবেন না বলে ঘোষণা করা হয়েছে। যতদিন না পর্যন্ত এই মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসছে, ততদিন এই বয়কট জারি থাকবে বলে জানানো হয়েছে।প্রসেনজিৎ চট্ট্যোপাধ্যায় আরও বলেন, এই ঘটনা গোটা ইন্ডাস্ট্রিকে নাড়া দিয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, তার জন্য শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কড়াকড়ি করা হবে। পাশাপাশি শিল্পী ও টেকনিশিয়ানদের জন্য বিমার ব্যবস্থাও বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।এই ঘটনার পর টলিউডে নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, শুধু তদন্ত নয়, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কঠোর নীতিমালা তৈরি করা জরুরি।এদিকে, অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ কী তা জানতে এখনও অপেক্ষায় গোটা ইন্ডাস্ট্রি। তদন্তের অগ্রগতি ও সত্য প্রকাশের দাবিতে সরব রয়েছেন সহকর্মীরা। এই রহস্যমৃত্যুর জট কবে কাটবে, এখন সেই দিকেই তাকিয়ে টলিউড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *