ভোটের আগে বড়সড় সাফল্য, নিউটাউনে ১৮০ কেজি গাঁজা উদ্ধার, STFএর এর জালে চক্র
ভোটের মুখে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশ।পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর তৎপরতায় নিউ টাউন এলাকা থেকে উদ্ধার হল প্রায় ১৮০ কেজি গাঁজা। গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে যা ভোটের আগে আইন শৃঙ্খলা রক্ষায় বড় পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মালবাহী গাড়ির ভিতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে আনা হচ্ছিল এই গাঁজা। গাড়ির পিছনের স্ট্রাকচারের নীচে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বারের মধ্যে থরে থরে সাজিয়ে রাখা ছিল প্যাকেটবন্দি মাদক। বাইরে থেকে দেখে সাধারণ পণ্যবাহী গাড়ি বলেই মনে হচ্ছিল, যাতে সহজেই চেকপোস্ট এড়িয়ে যাওয়া যায়।
গোপন খবরের ভিত্তিতে এসটিএফ আগেই সতর্ক ছিল। নিউটাউন এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন ওই গাড়িটিকে আটকানো হয়। এরপর তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। একসঙ্গে এত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হওয়ায় হতবাক পুলিশ আধিকারিকরাও।
ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গাড়ির চালক ও খালাশিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চলাচ্ছে প্রশাসন।এই গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল, রাজ্যের কোন এলাকায় বা কার কাছে তা পৌঁছানোর কথা ছিল, এবং এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত। সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারী দল।
প্রাথমিক অনুমান, ভোটের আগে বড়সড় কোনও নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠেছিল, যারা রাজ্যে মাদক ছড়ানোর পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনায় বড় ধাক্কা দিল এই অভিযান। পুলিশ মনে করছে, এই উদ্ধার শুধু একটি চালান নয়, বরং একটি বড় মাদক পাচার চক্রের সূত্রও খুলে দিতে পারে।
ভোটের আগে এই ধরনের অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনওভাবেই বেআইনি কার্যকলাপ নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে না পারে। STF-এর এই সাফল্য রাজ্যে নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে বড় বার্তা দিয়েছে।





