গোয়ালপোখরে মধ্যরাতের ‘পলিটিক্যাল টার্ন’,বিজেপি ছেড়ে কংগ্রেসে গোলাম সারোয়ার, টার্গেট তৃণমূলের গোলাম রব্বানী

উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভা সাক্ষী থাকল এক বড় রাজনৈতিক চমকের। ভোটের মুখে মধ্যরাতে দলবদল করে চর্চার কেন্দ্রে উঠে এলেন বিজেপির পরিচিত মুখ গোলাম সারোয়ার। তিনি আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছেড়ে যোগ দিলেন ভারতের জাতীয় কংগ্রেসে।জানা গিয়েছে, কংগ্রেসের রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই দলবদল সম্পন্ন হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, রাজ্যের কংগ্রেস জেনারেল সেক্রেটারি তথা চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের হাত ধরেই কংগ্রেসে যোগ দেন সারোয়ার। এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

দীর্ঘদিন ধরে গোয়ালপোখর এলাকায় বিজেপির সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন গোলাম সারোয়ারের। ফলে তাঁর এই হঠাৎ দলত্যাগ বিজেপির সংগঠনে ধাক্কা দিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একইসঙ্গে কংগ্রেসের পক্ষে এটি একটি বড় সংগঠনগত লাভ হিসেবেও দেখা হচ্ছে।

রাজনৈতিক সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে গোলাম রব্বানীর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের লক্ষ্যেই কংগ্রেসে যোগ দিয়েছেন সারোয়ার। বর্তমানে রব্বানী তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী হওয়ায় এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই দলবদল ঘিরে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস, তিন দলের মধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অন্দরে অসন্তোষের ইঙ্গিত মিলছে, আর অন্যদিকে কংগ্রেস শিবিরে স্পষ্ট উচ্ছ্বাস। তৃণমূল নেতৃত্ব যদিও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ।তবে স্থানীয় স্তরে সমীকরণ বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া ও যাচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, গোয়ালপোখর বিধানসভায় সংখ্যালঘু ভোটব্যাঙ্ক, স্থানীয় সংগঠন এবং প্রার্থী ইমেজ। এই তিনটি ফ্যাক্টরই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সেই দিক থেকে গোলাম সারোয়ারের কংগ্রেসে যোগদান নির্বাচনের আগে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

সব মিলিয়ে, ভোটের আগে এই ‘মিডনাইট পলিটিক্যাল মুভ’ গোয়ালপোখর বিধানসভার লড়াইকে আরও উত্তপ্ত করে তুলল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *