লিলুয়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, তরোয়াল,ইট বৃষ্টিতে রণক্ষেত্র,আহত ৩,মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

হাওড়ার লিলুয়ায় শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে সোমবার চরম উত্তেজনা ছড়াল দাগার বাগান এলাকায়। ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে, রয়েছে পুলিশ পিকেট।স্থানীয় সূত্রে খবর, কল্যাণ ঘোষের অনুগামীদের সঙ্গে তাপস মাইতির সমর্থকদের দীর্ঘদিনের বিবাদ। তবে তা এদিন হঠাৎ করেই চরম আকার ধারণ করে। অভিযোগ, দু’পক্ষই একে অপরের ওপর ইট ছোড়েন এবং ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়েন।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সাধারণ মানুষ আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েন।চোখে পড়েছে, সংঘর্ষ চলাকালীন রাস্তায় প্রকাশ্যে তরোয়াল নিয়ে দাপাদাপি এবং ভয় দেখানোর ঘটনা ও। একই সঙ্গে, স্থানীয় মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এতে আরও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দু’পক্ষের মোট তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই এলাকায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল বলে স্থানীয়দের দাবি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা বজায় রয়েছে। পুলিশ টহল জোরদার করা হয়েছে এবং যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নজরদারি চালানো হচ্ছে।প্রশাসনের তরফে সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, আইন হাতে তুলে না নেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে উভয় পক্ষকে।এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে নির্বাচনের আগে রাজনৈতিক হিংসা রুখতে প্রশাসনের প্রস্তুতি ও ভূমিকা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *