উপকূলে সতর্কতা, মঙ্গলবার কালবৈশাখীর দাপট,ঝড়বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গ

দক্ষিণবঙ্গজুড়ে ফের কালবৈশাখীর আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের ওই দিন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদরা।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শহরে বলেই জানিয়েছে হাওয়ানঅফিস।একই সতর্কতা জারি হয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। অন্যদিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে ঝড়ের তীব্রতা আরও বেশি হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।উপকূলবর্তী এলাকাগুলিতে পরিস্থিতি আরও উদ্বেগজনক। উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন সমুদ্র এলাকায় ইতিমধ্যেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে।এই ঝেড়ো হাওয়ার গতিবেগ বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেও সতর্ক জরে আলিপুর। এর জেরে সমুদ্র উত্তাল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। ফলে মঙ্গলবার মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়া বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করা হয়েছে।উত্তরবঙ্গেও দুর্যোগের চিত্র অব্যাহত থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে সোমবার থেকে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে ধীরে ধীরে দিনের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও পারদ বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে বেশি। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *