১ এপ্রিল থেকে নতুন আয়কর বিধি,স্ল্যাবে বদল নেই, কিন্তু ছাড় ও জরিমানায় বড় টুইস্ট

১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে দেশের নতুন আয়কর বিধি। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের এই উদ্যোগে সরাসরি কর ব্যবস্থায় কাঠামোগত বদল আসলেও, করদাতাদের জন্য স্বস্তি।আয়কর স্ল্যাবে কোনও পরিবর্তন করা হয়নি।কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রকাশিত ‘আয়কর বিধিমালা, ২০২৬’-এর খসড়া অনুযায়ী, ১৯৬১ সালের পুরনো আইনের বদলে এবার কার্যকর হবে ২০২৫ সালের নতুন আইন। এই পরিবর্তনের মূল লক্ষ্য কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, ডিজিটাল এবং সহজ করা।বর্তমানে চালু থাকা নতুন ও পুরনো—দু’টি কর কাঠামোই বহাল থাকছে। নতুন কর ব্যবস্থায় বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কার্যত কর ছাড়ের সুবিধা মিলছে রিবেট সহ, এবং চাকরিজীবীদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে প্রায় ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হতে পারে।অন্যদিকে, পুরনো কর কাঠামোয় আগের মতোই ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। এছাড়া পিপিএফ, ইএলএসএস, জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় বিনিয়োগের ক্ষেত্রে কর ছাড়ের সুবিধা বজায় থাকছে। গৃহঋণের সুদের উপর বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের নিয়মেও কোনও পরিবর্তন হয়নি।তবে নতুন বিধিতে শুধু ছাড় নয়, জরিমানার ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। আয়কর বিশেষজ্ঞদের মতে, অঘোষিত নগদ অর্থের ক্ষেত্রে করের হার কমলেও জরিমানার পরিমাণ অনেকটাই বেড়েছে। আগে যেখানে জরিমানা ছিল করের ১০ শতাংশ, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২০০ শতাংশ পর্যন্ত।বাজেট পেশের সময় নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, যেসব করদাতার অডিট প্রয়োজন নেই, তারা আইটিআর-৩ ও আইটিআর-৪ ফর্ম জমা দেওয়ার জন্য ৩১ অগস্ট পর্যন্ত সময় পাবেন।যা আগের তুলনায় বাড়তি সুবিধা।বিশেষজ্ঞদের একাংশের মতে, নতুন আইন কর ব্যবস্থাকে সহজ করলেও কিছু ক্ষেত্রে করদাতাদের উদ্বেগ থেকেই যাচ্ছে, বিশেষ করে ‘ডিমড ইনকাম’ সংক্রান্ত নিয়মে কোনও পরিবর্তন না হওয়ায়।সব মিলিয়ে, নতুন আয়কর বিধি করদাতাদের জন্য একদিকে স্বস্তি আনলেও, অন্যদিকে বাড়তি সতর্কতার বার্তাও দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *