রাম নবমীর মিছিলে মালদহে অস্ত্রের ঝলকানি, রাজনৈতিক উপস্থিতিতে চর্চা তুঙ্গে

রাম নবমী উপলক্ষে মালদহের ইংলিশ বাজারে অনুষ্ঠিত মিছিলে প্রকাশ্যে ধারালো অস্ত্র প্রদর্শন ঘিরে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের পল্লীশ্রী ময়দান থেকে শুরু হওয়া এই মিছিলে অংশ নেন বহু রামভক্ত। মিছিল জুড়ে দেখা যায় রামদা, হাঁসুয়া, কাটারি সহ বিভিন্ন অস্ত্র হাতে নিয়ে শোভাযাত্রা করছেন অংশগ্রহণকারীরা। শুধু হাতে বহনই নয়, অনেককে প্রকাশ্যেই সেই অস্ত্র ঘুরিয়ে প্রদর্শন করতে দেখা যায়, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবছরের মতো এবছরও রাম নবমী উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। তবে এবারের মিছিলের বিশেষ দিক ছিল অস্ত্রের প্রকাশ্য প্রদর্শন এবং তাতে অংশগ্রহণকারীদের সংখ্যা। শোভাযাত্রাটি পল্লীশ্রী ময়দান থেকে শুরু হয়ে গোটা ইংলিশ বাজার শহর পরিক্রমা করে।এই মিছিলে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি সহ জেলা বিজেপির একাধিক নেতা কর্মী। তাদের উপস্থিতিতেই এই অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। যদিও আয়োজকদের দাবি, এটি ধর্মীয় ঐতিহ্যের অংশ এবং রাম নবমীর শোভাযাত্রায় অস্ত্র বহনের একটি প্রাচীন রীতি রয়েছে।তবে প্রশ্ন উঠে গেলো আইন শৃঙ্খলা নিয়ে। প্রকাশ্যে এইভাবে ধারালো অস্ত্র নিয়ে মিছিল করা কতটা বৈধ এবং প্রশাসনের ভূমিকা কী ছিল, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের একাংশের দাবি, নির্বাচনের আগে এমন ঘটনা ইচ্ছাকৃত ভাবে উস্কানিমূলক পরিবেশ তৈরি করতে পারে।অন্যদিকে, রাম নবমী উদযাপন কমিটির সদস্য কাজল গোস্বামী বলেন,এটি সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এখানে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। বহু বছর ধরে এই রীতি চলে আসছে।বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িও জানান, “মানুষের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাতেই এই মিছিলে অংশগ্রহণ করেছি।”সব মিলিয়ে, ধর্মীয় আবেগ, রাজনৈতিক উপস্থিতি এবং অস্ত্র প্রদর্শনের এই মিশ্রণে মালদহের ইংলিশ বাজারে রাম নবমীর মিছিল এবার বাড়তি নজর কেড়েছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি, তবে ঘটনার পর পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেই সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *