গ্যাস বুকিংয়ে নতুন নিয়ম, ডবল সিলিন্ডারে অপেক্ষা বাড়ল, চাপে উজ্জ্বলা গ্রাহকরা

রান্নার গ্যাস বুকিংয় নিয়মে ফের বড়সড় বদল আনল কেন্দ্র। ডবল সিলিন্ডার গ্রাহকদের জন্য বুকিংয়ের ব্যবধান বাড়ানো হয়েছে। যার জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তারা। নতুন নিয়মে সিলিন্ডার পাওয়ার অপেক্ষা আরও দীর্ঘ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।নতুন নির্দেশিকা অনুযায়ী, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের ১৪.২ কেজির সিলিন্ডার বুক করতে এখন ৪৫ দিন অপেক্ষা করতে হবে। আগে যেখানে ২৫ দিন পরেই পরবর্তী বুকিং করা যেত, এখন সেই সময়সীমা প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে নিম্নআয়ের পরিবারগুলির উপর চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে ৫ কেজির ছোট সিলিন্ডারের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রাখা হয়েছে।একটি বুক করার ১৬ দিনের মাথায় পরবর্তী বুকিং করা যাবে।অন্যদিকে, উজ্জ্বলা যোজনার বাইরে থাকা ডবল সিলিন্ডার গ্রাহকদের ক্ষেত্রেও সময়সীমা বাড়ানো হয়েছে। এখন একটি সিলিন্ডার বুক করার পর দ্বিতীয়টি বুক করতে কমপক্ষে ৩৫ দিন অপেক্ষা করতে হবে। সিঙ্গল সিলিন্ডার ব্যবহারকারীদের ক্ষেত্রে এই ব্যবধান ২৫ দিনই রাখা হয়েছে।ওজনভেদে এবং অঞ্চলভেদেও কিছু আলাদা নিয়ম কার্যকর হয়েছে। শহরাঞ্চলে ৫ কেজির সিলিন্ডার ৯ দিনের ব্যবধানে বুক করা গেলেও গ্রাম ও দুর্গম এলাকায় সেই সময়সীমা ১৬ দিন। একই ভাবে, শহরে ১০ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে ১৮ দিন এবং গ্রামে ৩২ দিন ব্যবধান রাখা হয়েছে। তবে ১৪.২ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে শহর-গ্রাম নির্বিশেষে একই নিয়ম প্রযোজ্য।এই পরিবর্তনের পাশাপাশি গ্যাসের দামও বেড়েছে। কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকা, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের খরচ আরও বাড়াচ্ছে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে সিলিন্ডার বুক করা গেলেও ডেলিভারিতে দেরি হচ্ছে। বিশেষ করে বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে সমস্যা খুন বেশি।এমন পরিস্থিতিতে নরেন্দ্র মোদী সম্প্রতি লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে আশ্বস্ত করেছেন। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যেই তিনি জানান, দেশে গ্যাস ও জ্বালানির ঘাটতি যাতে না হয়, সে বিষয়ে কেন্দ্র সতর্ক রয়েছে। উৎপাদন বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।কেন্দ্রীয় সূত্রের দাবি, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়লেও দেশে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।তবে বাস্তবে নতুন বুকিং নিয়ম, বাড়তি অপেক্ষা এবং মূল্যবৃদ্ধি।এই তিনের চাপে সাধারণ গ্যাস গ্রাহকদের ভোগান্তি যে বাড়বে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *