হরিদেবপুরে রহস্যমৃত্যু তিনতলা ফ্ল্যাটে একাকী বৃদ্ধার দেহ উদ্ধার, পচা গন্ধে চাঞ্চল্য

দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় চাঞ্চল্য শহর কলকাতায়। ৪৯৮ এমজি রোড সংলগ্ন জেমস লং সরণির উপর একটি তিনতলা আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক বৃদ্ধার দেহ। মৃতার নাম বুলা চক্রবর্তী । ষাট বছর বয়সী ওই বৃদ্ধা ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত প্রায় দশটা নাগাদ একই আবাসনের এক বাসিন্দা তিনতলার ছাদে গেলে তীব্র পচা গন্ধ পান। সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে ১০০ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিদেবপুর থানার পুলিশ।পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে বুলা চক্রবর্তীর দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।যার জেরেই দেহে পচন ধরেছিল এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুলা চক্রবর্তী দীর্ঘদিন ধরেই ওই ফ্ল্যাটে একা থাকতেন।প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না বলেই দাবি। ফলে তাঁর অসুস্থতা বা কোনও বিপদের খবর কেউ আগে থেকে টের পাননি।ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। কোনও অস্বাভাবিকতার ইঙ্গিত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়েছে কি না, সে বিষয়েও এখনও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।এদিনই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একা বসবাসকারী প্রবীণ নাগরিকদের নিরাপত্তা এবং নিয়মিত খোঁজখবর রাখার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।হরিদেবপুর থানার এক আধিকারিক বলেন, “মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *