তারাপীঠে পুজো দিয়ে প্রচারে গতি, শান্তি ও উন্নয়নের প্রার্থনা তৃণমূল প্রার্থী কাজল সেখের

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন তুঙ্গে প্রচারের আবহ। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ধর্মীয় ক্ষেত্রেও সক্রিয়তা বাড়াচ্ছেন প্রার্থীরা।সেই ধারাবাহিকতায় সোমবার বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিলেন হাঁসন বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাইজুল হক ওরফে কাজল সেখ। তারাপীঠে পৌঁছে তিনি ভক্তিভরে মা তারার আরাধনা করেন। মন্দির চত্বরে সাধারণ ভক্তদের ভিড়ের মধ্যেই তিনি শান্তভাবে পুজো অর্চনায় অংশ নেন। পুজোর সময় রাজ্যের শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নতির জন্য প্রার্থনা করেন। পাশাপাশি মন্দির প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে সম্প্রীতির বার্তাও দিতে দেখা যায় তাঁকে।এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রামপুরহাট ২নং ব্লক সভাপতি সুকুমার মুখার্জি, বিধানচন্দ্র মাঝি সহ একাধিক দলীয় নেতা-কর্মী। পুজোর পরিবেশ বজায় রেখে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়।পুজো শেষে কাজল সেখ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন, পাশাপাশি রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলি যেন অব্যাহত থাকে সেই প্রার্থনাও করেছেন।ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নিজের ভোট নিজেই দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *